২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষায় অংশ নিয়েও 'অনুপস্থিত'

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার পরও প্রকাশিত ফলে অনুপস্থিত দেখানো হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীকে। এ ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে দ্রুত সংশোধিত ফল প্রকাশ করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 10:47 AM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফেডার ডটকম)- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেওয়ার পরও প্রকাশিত ফলে অনুপস্থিত দেখানো হয়েছে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের বেশকিছু শিক্ষার্থীকে। এ ঘটনার সত্যতা স্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলেছে দ্রুত সংশোধিত ফল প্রকাশ করা হবে। রাজধানীর ইডেন কলেজসহ দেশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ ও হাজিরা খাতায় স্বাক্ষর করলেও শতাধিক পরীক্ষার্থীকে এক বা একাধিক কোর্সে অনুপস্থিত দেখানো হয়েছে। শিক্ষার্থীরা বিষয়টি জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানানোর একমাস পরও সংশোধিত ফল প্রকাশ করা হয়নি। এদিকে ফলোন্নয়ন পরীক্ষায় তাদের অংশ নেওয়ার জন্য ফরম পূরণের সময়সীমা পাড় হয়ে যাচ্ছে। ফলে উদ্বিগ্ন হয়ে পড়েছেন এসব শিক্ষার্থী। ইডেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী লাবণী আক্তার জানান, তিনি সব পরীক্ষায় অংশ নেওয়ার পরও ফল হাতে পেয়ে দেখেন ইংরেজি, ব্যবসায় আইন ও ব্যাবসায় গণিতে তাকে অনুপস্থিত দেখানো হয়েছে। সহপাঠীদের মধ্যে কমপক্ষে ৩০ জনের ক্ষেত্রে এমনটি হয়েছে। তিনি জানান, পরে পরীক্ষা কেন্দ্র ঢাকা কলেজে যোগাযোগ করে দেখতে দেখা যায় হাজিরা খাতায়ও তাদের স্বাক্ষর আছে। এই হাজিরা খাতার অনুলিপি জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা দেওয়ার পর এক সপ্তাহের মধ্যে ফল সংশোধনের আশ্বাস দেওয়া হলেও এখনো তা করা হয়নি। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক রাশিদুল হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, পাঁচ/ছয়টি কলেজের কিছু খাতা ভুল করে মূল্যায়নের জন্য পরীক্ষকের কাছে পাঠানো হয়নি। ফল তৈরির সময় ওই শিক্ষার্থীদের নম্বর না থাকায় কম্পিউটরে স্বয়ংক্রিয়ভাবে তাদের অনুপস্থিত দেখানো হয়েছে। এসব শিক্ষার্থীর খাতা পাওয়া গেছে এবং সেগুলো মূল্যায়ন শেষে নম্বরপত্র কর্তৃপক্ষের হাতে এসেছে জানিয়ে তিনি বলেন, দুই একদিনের মধ্যে সংশোধিত ফল প্রকাশ করা হবে। এ নিয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই জানিয়ে তিনি বলেন, নিয়মানুযায়ী খাতাগুলো মূল্যায়নের প্রক্রিয়া অনুসরণ করায় একটু সময় লাগছে। ফলোন্নয়ন পরীক্ষার ফরম পূরণের সময়সীমা পাড় হয়ে গেলেও যেসব শিক্ষার্থীর ফল প্রকাশে সমস্যা ছিল তাদের বিশেষ সুযোগ দেওয়া হবে বলে জানান অধ্যাপক রাশিদুল হাসান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএইচএস/এসএনডি/১৬৩৭ ঘ.