জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও প্রক্টরকে অজ্ঞাত পরিচয়ের সন্ত্রাসীরা টেলিফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে।
মঙ্গলবার বিকালে প্রক্টর কাজী আসাদ সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনগত ব্যবস্থা নেবে।
তিনি বলেন, "বিভাগীয় পরীক্ষা বাতিলের দাবিতে বেলা সাড়ে ১২টার দিকে উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান এবং কোষাধ্যক্ষ আবু হেনা সিদ্দিকীকে টেলিফোনে কে বা কারা প্রাণনাশের হুমকি দেয়। এর আগে সকাল ৯টায় একই কায়দায় আমাকেও হুমকি দেওয়া হয়।"
তবে মঙ্গলবার বিভাগীয় পরীক্ষাগুলো যথারীতি হয়েছে বলে জানান কাজী আসাদ।
ছাত্রলীগের ডাকা ধর্মঘটের কারণে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে কোনও ক্লাস হয়নি। ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24