খুলনা, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মাহবুবুর রহমানকে রোববার হত্যার হুমকি দিয়েছেন একই বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনুষদের শিক্ষক মো. সাইফুল ইসলাম। এ ঘটনায় উপাচার্য বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। অবশ্য সাইফুল ইসলাম হুমকির কথা অস্বীকার করেছেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল্লাহ খান জানান, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে উত্যক্ত করা ও কম নম্বর দেওয়ার অভিযোগে এর আগে সাইফুল ইসলামকে ডিনের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
এরপর পদোন্নতির জন্য সাইফুল ইসলাম উপাচার্যকে প্রায়ই অনুরোধ করতেন।
রোববার সকালে উপাচার্যের কার্যালয়ে একই বিষয়ে অনুরোধ করার এক পর্যায়ে তিনি অধ্যাপক মাহবুবুর রহমানকে হত্যার হুমকি দেন। পরে সন্ধ্যায় বটিয়াঘাটা থানায় লিখিত অভিযোগ করেন উপাচার্য।
এ ব্যাপারে শিক্ষক সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি হুমকি দেওয়ার কথা অস্বীকার করেন।
রাত ৮টায় বটিয়াঘাটা থানার কর্তব্যরত উপ পরিদর্শক আব্দুল গনি জানান উপাচার্যের অভিযোগটি সাধারণ ডায়েরি হিসাবে নথিভুক্ত করা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২১৩৯ ঘ.
bdnews24