জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাল সনদ দেখিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া ১০ শিক্ষার্থীকে চিহ্নিত করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এসব শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল ও থানায় জিডি করা হবে।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন গত ৩ জুন ২০০৬-০৭ শিক্ষাবর্ষে মুক্তিযোদ্ধা কোটায় ভর্তি হওয়া বিভিন্ন বিভাগের মোট ৬৭ জন ছাত্রের অভিভাবকের দেওয়া মুক্তিযোদ্ধা সনদ যাচাইয়ের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় পাঠানো হয়।
৪ জুলাই মন্ত্রণালয় এক চিঠিতে ১০ জনের সনদ জাল বলে জানানো হয়। মন্ত্রণালয় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সুপারিশ করে।
এ ব্যাপারে উপাচার্য ড. এসআই খান বলেন, "এসব ছাত্রের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের দায়িত্ব দিয়েছি।"
প্রক্টর কাজী আসাদ জানান, পর্যায়ক্রমে সব বর্ষের ছাত্রদের অভিভাবকদের মুক্তিযোদ্ধার সনদ যাচাই করার জন্য একটি কমিটি করা হয়েছে। তিনি নিজে এ কমিটির প্রধান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এসএনডি/২২৫৮ ঘ.
bdnews24