২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ের যোগ্য উপাচার্য খোঁজার কাজ শুরু

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্দেশে গঠিত অনুসন্ধান কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2007, 04:15 PM

Updated : 26 Aug 2022, 08:14 PM

ঢাকা, জুলাই ৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগের জন্য যোগ্য প্রার্থী খুঁজে বের করার উদ্দেশে গঠিত অনুসন্ধান কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করেছে। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। এই সভায় নীতি নির্ধারণী কিছু বিষয়ে আলোচনা হলেও কমিটির সব সদস্য উপস্থিত না থাকায় বিশেষ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামী ১৪ জুলাই পরবর্তী সভায় কিছু সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিটির সভাপতি শিক্ষা সচিব মমতাজুল ইসলাম। কমিটির দুজন গুরুত্বপূর্ণ সদস্য তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ ও অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বিদেশে থাকায় এ সভায় উপস্থিত হতে পারেননি। তবে শিক্ষাসচিবসহ অন্য চার সদস্য ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. এহসানুল হক এবং মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (বিশ্ববিদ্যালয়) ও উপ-সচিব (বিশ্ববিদ্যালয়) উপস্থিত ছিলেন। দেশে বর্তমানে ২৬ পাবলিক বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে। এর মধ্যে ঢাকা, জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-উপ উপাচার্য নিয়োগের ব্যাপারে কোনো সুপারিশ করবে না এই কমিটি। কারণ ১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের আওতায় পরিচালিত এই চারটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওই অধ্যাদেশ অনুসারে বিশ্ববিদ্যালয়গুলোর সিনেটের মাধ্যমে নির্বাচিত একটি প্যানেল থেকে বেছে নেন আচার্য। অনুসন্ধান কমিটি বাকি ২২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগের জন্য যোগ্য ও সৎ অধ্যাপকদের তালিকা তৈরি করবে। এই ২২টি বিশ্ববিদ্যালয়ের তিনটিতে বর্তমানে উপাচার্যের পদ শূন্য রয়েছে। এসব বিশ্ববিদ্যালয়ে ১৮টি উপ-উপাচার্য ও ১২টি কোষাধ্যক্ষ পদও বর্তমানে খালি রয়েছে। এদিকে সভায় উপস্থিত একটি সূত্র জানিয়েছে, এসব শূন্য পদে যোগ্য ও সৎ লোকদের নিয়োগ দেওয়ার জন্য প্যানেল তৈরির পাশাপাশি অনুসন্ধান কমিটি দুর্নীতির দায়ে অভিযুক্ত উপাচার্যদের সরিয়ে দিয়ে ওই সব পদে নিয়োগের জন্য বিকল্প প্রস্তাবও করবে। এজন্য প্রতিটি পদের বিপরীতে তিনজন জ্যেষ্ঠ অধ্যাপকের একটি করে প্যানেল তৈরি করা হবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/জেকে/এসএইচ/এমএইচবি/২১১৮ ঘ.