ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকস)-- ২০০৭--২০০৮ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা ঘোষণা করেছে সরকার। এবারো ভর্তির জন্য কোনো বাছাই বা ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। তবে এবার সমপয়েন্ট পাওয়া প্রার্থীদের ক্ষেত্রে বয়সের বিষয়টিকে অন্যান্যবারের তুলনায় কম গুরুত্ব দেওয়া হয়েছে। নীতিমালায় ২৬ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে ১ আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু করার কথা উল্লেখ করা হয়েছে।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, কোনো কলেজ এ নীতিমালা না মানলে বেসরকারি কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলসহ এমপিও বাতিল করা হবে এবং সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্ট অধ্যক্ষের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নীতিমালায় বলা হয়, ভর্তির ক্ষেত্রে জিপিএ-৫ বা 'এ' প্লাস পাওয়া প্রার্থীদের সর্বোচ্চ ৪৩ পয়েন্ট ধরে ক্রমান্বয়ে ৪০ পয়েন্ট পাওয়া প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞান শাখায় ভর্তির ক্ষেত্রে সমপয়েন্ট পাওয়া প্রার্থীদের বাছাইয়ের ক্ষেত্রে পর্যায়ক্রমে সাধারণ গণিত, উচ্চতর গণিত, ইংরেজি, পদার্থ, রসায়ন ও জীব বিজ্ঞানে ৫ পয়েন্ট প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। তাতেও সমপয়েন্ট প্রাপ্তির সমস্যার সমাধান না হলে নিয়মিত পরীক্ষার্থীদের মধ্যে যার বয়স বেশি তাকে অগ্রাধিকার দেওয়া হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "এবার বয়সের বিষয়টিকে কম গুরুত্ব দেওয়া হয়েছে। বরং বিষয়ভিত্তিক পয়েন্ট পাওয়ার বিষয়টি অগ্রাধিকার দেওয়া পেয়েছে।"
নীতিমালায় বলা হয়েছে, বিভাগীয় ও জেলা সদরের কলেজগুলোতে ভর্তির ক্ষেত্রে ১০ ভাগ আসন সদরের বাইরের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত রেখে বাকি আসন সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে 'স্কুল এন্ড কলেজের' ক্ষেত্রে নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ভর্তিতে অগ্রাধিকার পাবে।
আবেদনপত্র পাওয়ার পর কোনো কলেজ তার আসন সংখ্যার সমানসংখ্যক ভর্তিযোগ্য প্রার্থীদের একটি মেধাক্রম তালিকা এবং মোট আসন সংখ্যার ২৫ ভাগ অপেক্ষমান মেধাক্রম তালিকা কলেজের নোটিশ বোর্ডে প্রকাশ করবে।
২০০৫, ২০০৬ ও ২০০৭ সালে অনুষ্ঠিত এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত যে কোনো কলেজে ভর্তি হতে পারবে। বিজ্ঞান শাখা থেকে পাশ করা শিক্ষার্থীরা বিজ্ঞান, মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার যে কোনো একটিতে ভর্তি হতে পারবে।
মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীরা মানবিক বা ব্যবসা শিক্ষা শাখার যে কোনো একটিতে ভর্তি হতে পারবে।
নীতিমালায় আরো বলা হয়েছে, ভর্তিচ্ছুদের আবেদন ফরম বাবদ ১০ টাকা ও ভর্তি ব্যবস্থাপনা ব্যয় বাবদ ৫০ টাকা দিতে হবে। ভর্তির সময় রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা, ক্রীড়া ফি ২৫ টাকা, রোভার স্কাউট/ গার্লস গাইড ফি ১০ টাকা, বিজ্ঞান ও প্রযুক্তি ফি ৭ টাকা এবং প্রযোজ্য হলে শাখা/বিষয় পরিবর্তন ফি ২৫ টাকা, পাঠ বিরতি ফি ১০০ টাকা ও বিলম্ব ভর্তি ফি ৫০ টাকা দিয়ে রশিদ নিতে হবে।
ভর্তির শেষ তারিখ ২৬ জুলাই। তবে বিলম্ব ফিসহ ৫ আগস্টের মধ্যে ভর্তি হওয়া যাবে। ১ আগস্ট থেকে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/২২৩২ ঘ.
bdnews24