গাজীপুর, জুন ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের হাতে মারধরের শিকার হয়েছেন বরিশালের মহানগর কলেজের অধ্যক্ষ খায়রুল আলম।
বুধবার বিকালের এ ঘটনায় খায়রুল আলম বৃহস্পতিবার উপাচার্যের কাছে লিখিত অভিযোগ এবং জয়দেবপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওয়াকিল আহম্মদ জানিয়েছেন, ঘটনার তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তবে সদস্যদের নাম জানাননি তিনি।
লিখিত অভিযোগে মহানগর কলেজের অধ্যক্ষ মো. খায়রুল আলম জানান, বিএ ও বিএসএস কোর্স অধিভুক্তির জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ড. আ ন ম ফজলুল হক সৈকত ও সেকশন অফিসার কামাল উদ্দিন গত বছরের ১৮ ফেব্র"য়ারি বরিশাল মহানগর কলেজ পরিদর্শন করেন। ওই সময় বরিশালের এ্যাথেনা আবাসিক হোটেলে বসে ফজলুল হক অধিভুক্তির জন্য দেড় লাখ টাকা ঘুষ দাবি করেন।
দুই দফায় ওই টাকা দেওয়া হলেও কোনও কাজ না হওয়ায় গত ৪ জুন জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শন শাখার প্রধান আবদুর রশিদের সঙ্গে দেখা করে বিষয়টি জানানো হয় বলে খায়রুল আলম জানান।
তিনি অভিযোগ করেন, গত বুধবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে ফজলুল হকের সঙ্গে দেখা হলে তিনি ঘুষের টাকা ফেরত চান। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ফজলুল হক মোবাইলে তার সহকর্মীদের ডেকে আনেন।
খায়রুল জানান, ওই সময় কলেজ পরিদর্শন শাখার সেকশন অফিসার আবু হানিফ খন্দকার, উচ্চমান সহকারী মিয়াজউদ্দিন ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল করিমের নেতৃত্বে ১০/১২ জন লোক তাকে মারধর করে এবং টাকা ফেরত চাইলে মেরে ফেলার হুমিক দেয়।
এদিকে বিকেলে ক্যাম্পাসে গিয়ে অভিযুক্তদের কাউকেই পাওয়া যায়নি। কলেজ পরিদর্শন শাখার প্রধান আবদুর রশিদ স্বীকার করেন, ৪ জুন ওই অধ্যক্ষ মৌখিকভাবে তাকে বিষয়টি জানিয়েছিলেন। তবে তখন উপাচার্য দেশের বাইরে থাকায় তিনি উপাচার্যের সঙ্গে দেখা করে অভিযোগ করার পরামর্শ দিয়েছিলেন।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে উপাচার্য ওয়াকিল আহমেদ বলেন, "অভিযোগটি পেয়েছি। ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠিত হয়েছে। ওই কমিটি ঘুষ লেনদেন ও মারপিটের দুইটি ব্যাপারই দেখবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৫ ঘ.
bdnews24