রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগে ভর্তি জালিয়াতির ঘটনায় বৃহস্পতিবার উপাচার্যের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি ।
কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. খালেকুজ্জামান বলেন, তদন্তে সমাজকর্ম বিভাগের উচ্চমান সহকারী মাসুদ রানাসহ আরও কয়েকজন ছাত্র জড়িত আছে বলে প্রমাণ পাওয়া গেছে।
তবে জড়িত ছাত্রদের নাম জানাতে তিনি অস্বীকৃতি জানান।
উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন জানান, প্রতিবেদনটি আগামী সিন্ডিকেট সভায় উত্থাপন করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
চলতি শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার সময় সমাজকর্ম বিভাগের উচ্চমান সহকারী মাসুদ রানা কিছু ছাত্রদের যোগসাজশে দেড় লক্ষাধিক টাকার বিনিময়ে আট জনকে ভর্তি করে বলে অভিযোগ উঠে।
কর্তৃপক্ষ তখন প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. খালেকুজ্জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করে।
অভিযুক্ত কর্মচারী মাসুদ রানা গত ৩ এপ্রিল স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানায়, বিভাগের প্রাক্তন ছাত্র ফজলে এলাহী স্বপন ও আনোয়ার হোসেন এবং বর্তমান ছাত্র শাহীন আখতার, সোহেল হোসেন, ইলিয়াস হোসেন রুবেল তার সঙ্গে যুক্ত ছিল।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এমআই/১১২৮ ঘ.
bdnews24