২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক শিক্ষক দুই বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন দায়িত্বে!

নিয়ম অনুযায়ী পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একসঙ্গে দুটি প্রতিষ্ঠানে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে পারেন না। আর খণ্ডকালীন করলেও অনুমতি লাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক দিব্যি বেসরকারি একটি বিশ্ববিদ্যালয়ে পূর্ণকালীন চাকরি করছেন। অনুসন্ধানে দেখা যায়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কাজ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আড়াইশ শিক্ষক। এদের অনেকে কাজ করছেন অনুমোদন না নিয়েই। আবার অনুমোদন নিয়ে কাজ করেও নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয় কোষাগারে অর্থ জমা দিয়েছেন, এমন ঘটনাও খুব কম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2007, 12:30 PM

Updated : 26 Apr 2022, 02:22 PM

জানাচ্ছেন মোকাররম হোসেন শুভ

মোকাররম হোসেন শুভ

বিডিনিউজ টোয়েন্টিফোর প্রতিবেদক

ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর)-পাবলিক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক একসঙ্গে দুটি প্রতিষ্ঠানে পূর্ণকালীন দায়িত্ব পালন করতে পারেন না; এটাই নিয়ম। আর খণ্ডকালীন করলেও অনুমতি লাগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান আজিজুর রহমান খান দিব্যি দুটি প্রতিষ্ঠানে পূর্ণকালীন চাকরি করছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পূর্ণকালীন শিক্ষক। একই সঙ্গে বেসরকারি স্টেট বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন হিসেবে পূর্ণকালীন দায়িত্ব পালন করছেন। এ তথ্য মিলেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়টির ওয়েবসাইটে।

তবে অধ্যাপক আজিজুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, তিনি খণ্ডকালীন উপদেষ্টা হিসেবে কাজ করলেও ওয়েবসাইটে তাকে পূর্ণকালীন ডিন হিসেবে দেখানো হয়েছে। এটা নিয়ে তিনি নিজেই আপত্তি তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ও ফার্মেসি অনুষদের ডিনও ওই বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একইভাবে পড়ান বলে তিনি জানান।

কলা অনুষদের ডিন অধ্যাপক সদরুল আমিন একই সঙ্গে শিক্ষক সমিতির সভাপতিও। অধ্যাপক আমিন ও ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক আব্দুর রশীদকে অবশ্য স্টেট ইউনিভার্সিটির উপদেষ্টা হিসেবে দেখানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পর্ষদের সদস্য হিসেবে রয়েছেন।

অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, তিনি খণ্ডকালীন হিসেবে কাজ করলেও বেসরকারি বিশ্ববিদ্যালয়টি তা স্পষ্ট না করে বিভ্রান্ত করছে।

সরকারি আচরণ বিধি ১৯৭৯ এর (১) ধারা অনুসারে কোনও সরকারি কর্মচারী সরকারের পূর্বানুমতি ছাড়া সরকারি চাকরির বাইরে এনজিও বা অন্য কোনো প্রতিষ্ঠানের কাজে সম্পৃক্ত হতে পারেন না।

বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ ৭৩-এর ৪৫(২) ধারা ও বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধিতে (চাকরির শর্তাবলী) বলা হয়েছে, শিক্ষকরা বিশ্ববিদ্যালয়ের বাইরে সংগঠন বা প্রতিষ্ঠানে কাজ করতে পারবেন। তবে আর্থিক সুবিধা নিতে পারবেন না।

পরে শিক্ষকদের সুবিধার জন্য আইনটি শিথিল করে টাকা নেওয়ার সুযোগ করে দেওয়া হয়। তবে এক্ষেত্রে আয়ের ১০ শতাংশ বিশ্ববিদ্যালয়কে দেওয়ার বিধান রাখা হয়। শর্ত রয়েছে, বিশ্ববিদ্যালয়ে পাঠদান ও শিক্ষা কার্যক্রম সমাধার পর অবসর সময়ে বাইরে কাজ করা যাবে এবং এজন্য শিক্ষার্থীদের বঞ্চিত করা যাবে না।

টাকা জমা দেওয়ার প্রসঙ্গে অধ্যাপক সদরুল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, নিয়মে থাকলেও এটা মানার নজির নেই।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকই নানা প্রতিষ্ঠানে কাজ করে যাচ্ছেন। অভিযোগ রয়েছে, তাদের অনেকে অনুমোদন ছাড়াই কাজ করছেন। সম্প্রতি খাদ্য ও পুষ্টি বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া বিধি বহির্ভূতভাবে বাইরের এনজিওতে কাজ করে ছয় লাখ টাকা নিয়েছেন অভিযোগ করে বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি চিঠি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।

মন্ত্রণালয়ের অডিট আপত্তিতে বলা হয়েছে, ২০০৪-’০৫ অর্থবছরে গবেষণা ও উন্নয়ন প্রকল্পের বিশেষ অনুদান হিসেবে কুমিল্ল¬ার লাকসামের মুসলিম কল্যাণ সংস্থা নামে একটি এনজিওর মাধ্যমে ছয় লাখ টাকা নেন অধ্যাপক আমিনুল। অডিট আপত্তিতে সুপারিশ করা হয়েছে, “এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন আবশ্যক। অন্যথায় প্রকল্প বাতিল করে পুরো অর্থ সরকারি কোষাগারে জমা করা আবশ্যক”।

অধ্যাপক মো. আমিনুল হক ভূঁইয়া অবশ্য বিডিনিউজ টোয়েন্টিফোর এর কাছে দাবি করেছেন, তিনি অনুমতি নিয়েই ওই প্রকল্পে কাজ করেছেন। তারপরও অডিট আপত্তি ওঠার বিষয়ে তিনি বলেন, “হয়তো কোনও ভুল বোঝাবুঝি হচ্ছে।” তিনি এ বিষয়ে আর কোনও কথা বলতে চাননি।

বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে শিক্ষক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমপক্ষে আড়াইশ শিক্ষকের নাম পাওয়া যায়। এছাড়া এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক বা পরামর্শক হিসাবে কাজ করছেন অনেক শিক্ষক।

অর্থনীতি বিভাগে খোঁজ নিয়ে দেখা যায়, ৩৭ জন শিক্ষকের মধ্যে সাতজন শিক্ষা ছুটিতে। অন্যদের মধ্যে দুই তৃতীয়াংশই বাইরে নানা প্রতিষ্ঠানে কাজ করছেন। একই চিত্র সমাজবিজ্ঞান বিভাগ ও বাণিজ্য অনুষদের পাঁচটি বিভাগে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এস এম এ ফায়েজ শিক্ষকদের বাইরে কাজ করার বিষয়ে সঠিক হিসাব না থাকার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “অনুমোদন ছাড়া কাজ করলে তাদের তালিকা বিশ্ববিদ্যালয়ে থাকার কথা নয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আনোয়ার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, “কতজন শিক্ষক অনুমতি নিয়েছেন সে হিসাব আমাদের কাছে নেই। প্রতিদিনই অনুমোদন দেওয়া হচ্ছে। যারা অনুমতি চেয়েছেন তাদের সবাই অনুমোদন পেয়েছেন।”

সিনেট, সিন্ডিকেটসহ নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সভায় বিষয়টি আলোচিত হলেও নীতি নির্ধারকরাই স্বীকার করেছেন, আইন কার্যকর করার জন্য প্রস্তাব গ্রহণ করা হলেও প্রয়োগ হয়নি। অনুমোদন ছাড়া বাইরের প্রতিষ্ঠানে কাজ করায় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নজিরও নেই।

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ২০০৬ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন চাকরির জন্য অনুমোদন নিয়েছেন ৯৮ জন শিক্ষক। তবে অধিকাংশই নিয়ম মেনে আয়ের শতকরা ১০ ভাগ অর্থ বিশ্ববিদ্যালয়ে জমা দেননি। মাত্র দশজন শিক্ষক তাদের আয়ের নির্ধারিত অংশ বিশ্ববিদ্যালয় তহবিলে জমা দিয়েছেন। অন্য যারা অনুমতি নিয়েছে তাদের মধ্যে ৪৫ জন শিক্ষক হিসেবে প্রাপ্য চার বছর অবৈতনিক ছুটির মধ্যে সমন্বয় করে নেওয়ায় তাদের আর অর্থ জমা দেওয়ার বাধ্যবাধকতা থাকছে না।