এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বহিষ্কার ১৮৪
সাতটি সাধারণ শিক্ষাবোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় দ্বিতীয় দিনে রোববার সারাদেশে ১৮০ জন পরীক্ষার্থী ও চারজন শিক্ষক বহিষ্কার হয়েছে।
প্রথম দিনের তুলনায় মোট বহিষ্কারের সংখ্যা কমলেও এইচএসসি পরীক্ষায় বহিষ্কারের সংখ্যা বেড়েছে। পরীক্ষার দ্বিতীয় দিনে সারাদেশে বহিষ্কার হয় ৬৭ জন এইচএসসি পরীক্ষার্থী। প্রথম দিনে বহিষ্কারের সংখ্যা ছিল ৩৯ জন।
অন্যদিকে রোববার কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সমমানের পরীক্ষায় ৮৮ জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম ও ফাজিল পরীক্ষায় ২৫ জন বহিষ্কার হয়।
নকলে সহযোগিতার অভিযোগে রোববার চার শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। প্রথম দিন এ অভিযোগে ১৫ শিক্ষককে বহিষ্কার করা হয়েছিল। এদের মধ্যে তিনজন কারিগরি শিক্ষাবোর্ডের ও একজন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের শিক্ষক।
শিক্ষা মন্ত্রণালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ সাইফুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, সারাদেশে মোট ১৮০ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া রোববার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে রোববার ঢাকা বোর্ডে ১৫ জন, যশোর বোর্ডে ৮, রাজশাহী বোর্ডে ১৬, চট্টগ্রাম বোর্ডে ১, সিলেট বোর্ডে ২, বরিশাল বোর্ডে ১২, কুমিল্লা বোর্ডে ১৩, মাদ্রাসা বোর্ডে আলীম পরীক্ষায় ১৩, ফাজিল পরীক্ষায় ১২ এবং কারিগরি বোর্ডে ৮৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা শুরু হয় বৃহস্পতিবার। রোববার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
