২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ, গ্রেপ্তার ৪

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2007, 09:28 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি ফটো কপিয়ারের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শুক্রবার সকাল সাড়ে নয়টায় শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের কাছে একটি ফটো কপিয়ারের দোকানে বাউবির এসএসসি পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্নপত্র ফটোকপি করতে দেখে স্থানীয় এক ব্যক্তি পুলিশে খবর দেয়। গণিত বিষয়ের পরীক্ষা শুরুর নির্ধারিত সময় ছিল সকাল দশটা।

খবর পেয়ে পুলিশ ওই দোকানে অভিযান চালিয়ে প্রশ্নপত্রসহ মো. সেলিম শেখ (২৪), আবদুল্লাহ আল মোমেন (২০) এবং দোকানের কর্মচারী মো. আরিফকে (২৭) গ্রেপ্তার করে।

পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ শ্রীপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে স্বপন মাহমুদ নামের এক পরীক্ষার্থীকে (আইডি: ০৬০১০০২৫১০৩) গ্রেপ্তার করে।

স্বপনের কাছ থেকে গণিত বিষয়ের একটি নোট বইও উদ্ধার করা হয়।

পরে পরীক্ষা কেন্দ্রের সমন্বয়কারী মনিরুল হাসান বাদী হয়ে ওই চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শহিদুল ইসলাম জানান, প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে কেন্দ্রের শিক্ষকরাও জড়িত থাকতে পারেন। বিষয়টি তদন্ত করা হবে।