গৌরীপুরে নকলের অভিযোগে ৩ শিক্ষক ও ১ পরীক্ষার্থী বহিষ্কার
ময়মনসিংহের গৌরীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত মাধ্যমিক অংক পরীক্ষায় নকলের অভিযোগে তিন শিক্ষক ও এক পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
গৌরীপুর রাজেন্দ্র কিশোর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র পরিদর্শক মো. মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর কে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১ টায় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি পরীক্ষার্থীদের অবাধ নকল করতে দেখে শিক্ষকদের দৃষ্টি আকর্ষণ করে সতর্ক করে দেন। কিন্তু এরপরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় তিনি কর্তব্যরত শিক্ষক শফিকুল ইসলাম (আর কে উচ্চ বিদ্যালয়), নুরুল ইসলাম তালুকদার (আবু তালেব হোসেন উচ্চ বিদ্যালয়) এবং জয়নাল আবেদিনকে (একেএম উচ্চ বিদ্যালয়) বহিষ্কার করেন। এ ছাড়া নকল করার অভিযোগে পরীক্ষার্থী জহিরুল ইসলামকেও বহিষ্কার করা হয়। পরীক্ষার কেন্দ্র সচিব আবদুল খালেকও ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
