এএইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে সাড়ে ৫ লাখ শিক্ষার্থী
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি এবং মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে আলিম ও এইচএসসি (বিএম) পরীক্ষা থেকে শুরু হবে ১০ মে থেকে।
চলতি বছর ৫ লাখ ৪১ হাজার ৮শ ১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। ২০০৬ সালের চেয়ে এই সংখ্যা প্রায় ২৩ হাজার বেশি। মোট ১৮ শ ৩২ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেশের বাইরেও পাঁচটি কেন্দ্র রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সোমবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী এসব তথ্য দেন।
তিনি বলেন, “সুন্দর ও নকলমুক্ত পরিবেশে এইচএসসি এবং মাদরাসা ও কারিগরি বোর্ডের সমমানের পরীক্ষার প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি এসএসসি পরীক্ষার মতোই সুষ্ঠুভাবে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।”
উপদেষ্টা বলেন, “২০০৬ সালের চেয়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার বেড়েছে। তবে পরীক্ষার কেন্দ্র কমিয়ে আনা হয়েছে। যেসব কেন্দ্রে পরীক্ষা গ্রহণে অসুবিধা কিংবা নিয়ন্ত্রণে সমস্যা হয় সেগুলো এবার বাতিল করা হয়েছে।”
তিনি কয়েক বছরের পরীক্ষায় পাসের হার এবং বহিষ্কারের পরিসংখ্যান তুলে ধরে বলেন, বহিষ্কারের সংখ্যা ক্রমান্বয়ে কমেছে। এসএসসি পরীক্ষার উদাহরণ টেনে বলেন, ২০০১ সালে বহিষ্কারের সংখ্যা ছিল প্রায় ৪১ হাজার। ২০০৭ সালে হয়েছে মাত্র ৯শ ৭৫ জন।
একই সঙ্গে বেড়েছে পাসের হার এবং একেবারেই পাস করে না এমন প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এ বিষয়ে মন্ত্রণালয় কঠোর নীতি গ্রহণ করেছে। যেসব প্রতিষ্ঠানে পাসের হার শূন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে নকলের সঙ্গে কোনো শিক্ষক জড়িত থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ওই শিক্ষককে শাস্তি দেবে। যদি না দেয় সেক্ষেত্রে প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।
শিক্ষা উপদেষ্টা অরও বলেন, পরীক্ষার সময় বিদ্যুৎ সমস্যা যথাসম্ভব কমিয়ে আনতে বিদ্যুন্ত্রণালকে চিঠি দিয়েছে শিক্ষামন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয় ও শিক্ষাবোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুসারে এ বছর ঢাকা বোর্ডে প্রায় ১ লাখ ২৯ হাজার, রাজশাহী বোর্ডে ১ লাখ ৪ হাজার, কুমিল্লা বোর্ডে ৪৬ হাজার, যশোর বোর্ডে ৮০ হাজার, চট্টগ্রাম বোর্ডে ৩৮ হাজার, বরিশাল বোর্ডে ২৪ হাজার, সিলেট বোর্ডে ১৭ হাজার, মাদরাসা বোর্ডে ৫২ হাজার ও কারিগরি শিক্ষা বোর্ডে প্রায় ৪৯ হাজার শিক্ষার্থী পরীক্ষা দেবে।
