জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিক্ষোভ ভাংচুর
লিখিত পরীক্ষা ছাড়াই চাকরি স্থায়ীকরণ ও এডহক নিয়োগ বাতিলের দাবিতে বৃহস্পতিবার উপাচার্যকে তিন ঘণ্টা তার ভবনে অবরুদ্ধ রেখে বিক্ষোভ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা।
এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ব্যাপক ভাংচুর চালান তারা। পরে প্রক্টর ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কর্মকর্তা-কর্মচারী নিয়োগ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তির জের ধরে কয়েকদিন ধরেই বিশ্ববিদ্যালয়টিতে ক্ষোভ বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে বিশ্বদ্যিালয়ের কয়েকশ কর্মচারী প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন।
দুপুর বারোটার দিকে তারা উপাচার্যের ভবনের সামনে অবস্থান নেন এবং বেলা তিনটা পর্যন্ত উপাচার্যকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় বিক্ষুব্ধ কর্মচারীরা প্রশাসনিক ভবনের দরজা, জানালা ও আসবাবপত্র ভাংচুর করেন।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আতাউর রহমান পুলিশ নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যে নিয়োগ বিজ্ঞপ্তির কারণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সেখানে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে যারা অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন তাদের পরীক্ষা দিয়ে স্থায়ী ভিত্তিতে চাকরিতে বহাল হতে হবে।
ওই বিজ্ঞপ্তিতে বেশ কিছু পদের উল্লেখ না থাকায় ২০ বছর ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করছেন এমন অনেক কর্মচারীও স্থায়ী হওয়ার সুযোগ পাবেন না। এছাড়া অনেকেই আছেন যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রকল্পের অধীনে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পেয়েছিলেন। বিজ্ঞপ্তিতে তাদেরও নতুন করে পরীক্ষা দিতে বলা হয়েছে।
বিজ্ঞপ্তিটি প্রকাশের পর কর্মচারীরা পরীক্ষা ছাড়াই চাকরি স্থায়ী করার দাবিতে আন্দোলনে নামেন। গত রোববার তারা কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মচারী আন্দোলন পরিষদের নেতা খোকন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, আমাদের অনেকেই ২০ বছর আগে পরীক্ষা দিয়ে চাকরিতে যোগ দিয়েছিলেন। অথচ এতদিনেও চাকরি স্থায়ী করা হয়নি। এখন আবার পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। কর্তৃপক্ষ শনিবারের মধ্যে সিদ্ধান্ত না বদলালে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।
প্রক্টর আতাউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। চাকরি স্থায়ী করার বিষয়টি নিয়ম অনুযায়ীই হবে।
উপাচার্য ড. সিরাজুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর কে বলেন, যোগ্যতার ভিত্তিতেই সবাইকে নিয়োগ দেওয়া হবে। চাকরি স্থায়ী করতে হলে প্রশাসনিক কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই পরীক্ষা দিতে হবে।
