মোবাইল কম্পিউটিং বিষয়ে পারদানা কলেজে অনার্স কোর্স
যোগাযোগের মাধ্যম হিসাবে বাংলাদেশে মোবাইল ফোন প্রযুক্তির জনপ্রিয়তা এখন আকাশচুম্বী। এ প্রযুক্তির ওপর দক্ষ লোকবলের চাহিদাও তাই বেড়েছে।
এ ব্যাপারে এগিয়ে এসেছে মালয়েশিয়ার পারদানা কলেজ। তারা বাংলাদেশে চালু করেছে মোবাইল কম্পিউটিং এর উপর বিএসসি অনার্স কোর্স। দেশে এ ধরনের কোর্স এটাই প্রথম।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে মালয়েশিয়ার হাই কমিশনার দাতু আব্দুল মালেক বিন আব্দুল আজিজ বলেন, “মোবাইল কম্পিউটিং আমাদের এই ডিজিটাল যুগের জন্য খুবই আধুনিক ও যুগোপযোগী একটি বিষয়। বাংলাদেশের ছাত্র ছাত্রীদের এ বিষয়ে উচ্চ শিক্ষার সুযোগ করে দেওয়ায় পারদানা কলেজকে আমি ধন্যবাদ জানাই।”
সংবাদ সম্মেলনে পারদানা কলেজের অধ্যক্ষ মি. কোয়ে চি হো বাংলাদেশে মোবাইল কম্পিউটিং কোর্সের বিস্তারিত তুলে ধরেন।
৩ বছর মেয়াদী এই মোবাইল কম্পিউটিং প্রোগ্রামটি সঙ্গে জড়িত আছে দেশটির আরেকটি শিক্ষা প্রতিষ্ঠান ইউনিভার্সিটি অফ সেদায়া ইন্টারন্যাশনাল।
বাংলাদেশের ছাত্রছাত্রীরা ঢাকায় বসে এই বিএসসি (অনার্স) কোর্সটি সম্পন্ন করতে পারলেও প্রোগ্রামের ফাইনাল কম্পোনেন্টটি করতে হবে মালয়েশিয়ার সেদায়া ইন্টারন্যাশনালেই।
পুরো কোর্সটি করতে খরচ হবে প্রায় ৫ লাখ টাকা। তবে মেধাবীদের জন্য স্কলারশীপের ব্যবস্থা রাখা হয়েছে। জানুয়ারি, এপ্রিল ও আগস্ট সেমিস্টারে ভর্তি হতে পারবে জি.সি.ই. ‘এ’ ‘ও’ লেভেল, এসএসসি, এইচএসসি পাশ ছাত্রছাত্রীরা।
