২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮টি বক্তৃতামালার ৬টিই বন্ধ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ট্রাস্ট ফান্ডের অধীনে পরিচালিত আটটি বক্তৃতামালার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অধীনে পরিচালিত ছয়টিই দীর্ঘদিন ধরে বন্ধ। বক্তৃতা না হওয়ার জন্য প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বক্তা ঠিক করার দায়িত্ব প্রশাসনের হাতে না রেখে তা সংশ্লিষ্ট বিভাগের হাতে ছেড়ে দেওয়ার পরামর্শও এসেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2007, 06:13 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

বন্ধ থাকা বক্তৃতামালাগুলো হচ্ছে কামিনী কুমার দত্ত স্মারক আইন বক্তৃতামালা, অগ্রণী ব্যাংক বক্তৃতামালা, সাঈদুর রহমান ফাউন্ডেশন বক্তৃতামালা, কবি মতিউর রহমান স্মারক বক্তৃতামালা, বিচারপতি ইব্রাহিম স্মারক বক্তৃতামালা ও নাজমুল করিম স্মারক বক্তৃতামালা। শুধু নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতামালা ও খন্দকার মোকাররম হোসেন স্মারক বক্তৃতামালা নিয়মিত হচ্ছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা সংস্থার গ্রন্থ তালিকা থেকে জানা যায়, দার্শনিক সাঈদুর রহমানের দান করা অর্থে দর্শন বিভাগ চালু করে সাঈদুর রহমান ফাউন্ডেশন বক্তৃতামালা। এই ফাউন্ডেশনের নবম বক্তৃতামালা অনুষ্ঠিত হয় ১৯৯২ সালে। তারপর আর হয়নি।

বিভাগীয় শিক্ষকরা জানান, যতদিন অধ্যাপক সাঈদুর রহমান বেঁচে ছিলেন ততদিন এ বক্তৃতামালা নিয়মিত হতো। তিনি মারা যাওয়ার পর এটি অনিয়মিত হয়ে পড়ে।

কামিনী কুমার দত্ত স্মারক আইন বক্তৃতামালা বন্ধ রয়েছে ১২ বছর। এর মধ্যে ২০০৪ সালের ১৮ জুলাই এ বক্তৃতামালার জন্য সাবেক প্রধান বিচারপতি কে এম হাসানকে মনোনীত করা হলেও তিনি তাতে সম্মতি দেননি।

আইন অনুষদের ডিন অধ্যাপক বোরহানউদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি আমন্ত্রণের চিঠি পেয়েছিলেন কিনা তা জানি না। কারণ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেই এ সংক্রান্ত সব কাজ হয়।

অর্থনীতি ও বাণিজ্যে ‘প্রোপোজাল ফর ইন্ট্রোডিউসিং লেকচার সিরিজ অন ইকনোমিকস অ্যান্ড বিজনেস’ নামে অগ্রণী ব্যাংক বক্তৃতামালার তহবিল গঠন করা হয় ১৯৮৭ সালে। প্রতিবছর হওয়ার কথা থাকলেও এ পর্যন্ত মাত্র তিনবার বক্তৃতার আয়োজন করা হয়েছে। ২০০০ সালের পর আর এ বক্তৃতা হয়নি।

বিচারপতি ইব্রাহিম স্মারক বক্তৃতামালা চালু হয় ১৯৯২ সালে। আর সেটাই এ পর্যন্ত শেষ বার। ২০০৪ সালে একবার উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

কবি মতিউর রহমান স্মারক বক্তৃতামালার সর্বশেষ আয়োজন ছিল ১৯৯২ সালে।

নাজমুল করিম স্মারক বক্তৃতামালা ২০০৫ সালের পর আর হয়নি। তবে বিভাগীয় শিক্ষক অধ্যাপক কামরুল আহসান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ বছরই এ বক্তৃতা অনুষ্ঠানের উদ্যোগ নেওয়া হবে।

একই সঙ্গে তিনি বলেন, এ বিষয়টাতে কর্তৃপক্ষের আরও গুরুত্ব দেওয়া উচিত।

নাজমা জেসমিন স্মারক বক্তৃতামালা নিয়মিত হওয়ার পেছনে রয়েছে প্রয়াতের স্বামী শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর সক্রিয় তৎপরতা। আধুনিক ভাষা ইনস্টিটিউটের পরিচালক নাজমা জেসমিন চৌধুরীর স্মরণে সিরাজুল ইসলাম চৌধুরী প্রতিষ্ঠা করেন নাজমা জেসমিন ট্রাস্ট ফান্ড। তার অধীনেই এ প্রতিবছর এ বক্তৃতা হচ্ছে।

আর রসায়ন বিভাগের আন্তরিক প্রচেষ্টায় প্রতিবছর অনুষ্ঠিত হচ্ছে খন্দকার মোকাররম হোসেন স্মারক বক্তৃতামালা। গত ১২ মার্চ অনুষ্ঠিত হয়েছে এর ২২তম বক্তৃতা।

বক্তৃতামালাগুলো না হওয়ার জন্য ট্রাস্ট ফান্ডের দায়িত্বে নিয়োজিত উপ-রেজিস্ট্রার মাহবুবুল আলমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্মারক বক্তৃতার নির্দিষ্ট বক্তা সাড়া না দেওয়ায় অনেক সময় আয়োজন সম্ভবপর হয় না।”

শিক্ষক বা দাতারা উদ্যোগী হওয়ায় দুটি বক্তৃতামালা নিয়মিত হচ্ছে অথচ প্রশাসনিক বিভাগের দায়িত্বে থাকা বাকি ছয়টি বক্তৃতামালা বন্ধ রয়েছে কেন-জানতে চাইলে সহকারী রেজিস্ট্রার কে এম কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বক্তা ঠিক করার পর শিক্ষকরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে দ্রুত আয়োজন চূড়ান্ত করতে পারেন। কিন্তু প্রশাসনিক ভাবন থেকে আমন্ত্রণ জানিয়ে চিঠি দেওয়া হলে অনেক ক্ষেত্রেই আমন্ত্রিত বক্তা সাড়া দেন না। এ কারণে বক্তৃতাগুলো সয়মমতো করা যাচ্ছে না।”

এ বিষয়ে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, “স্মারক বক্তৃতার বিষয়টি প্রশাসনের ওপর ছেড়ে দিলে চলবে না। এটা অ্যাকাডেমিক ব্যাপার। প্রশাসন প্রশাসনিক কাজ করতে পারে। কিন্তু কে বক্তৃতা দেবেন তা নির্ধারণ করে দিতে পারে না। এর দায়িত্ব সংশ্লিষ্ট বিভাগ বা ইনস্টিটিউটকে দিলেই স্মারক বক্তৃতার কাজ নিয়মিত হবে।”