২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অবৈধ বিশ্ববিদ্যালয়ের নতুন তালিকা তৈরি করে বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে অনুমোদনহীন অবৈধ বিশ্ববিদ্যালয় এবং বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কেন্দ্রের নতুন তালিকা তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে বিজ্ঞাপ্তি দিয়ে জনসাধারণকে এসব অবৈধ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সতর্ক করতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

মারুফ মল্লিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 02:15 PM

গত সপ্তাহে শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে মঞ্জুরি কমিশনকে এ ব্যপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। চিঠিতে বলা হয়, এসব অবৈধ বিশ্ববিদ্যালয় সম্পর্কে সাধারণ মানুষকে সতর্ক করতে হবে। শিক্ষার্থীরা যাতে প্রতারিত না হন সেজন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ওই চিঠিতে অবৈধ বিশ্ববিদ্যালয়ের তালিকা তৈরির পাশাপাশি বিদেশি বিশ্ববিদ্যালয় ওয়েস্ট কোস্ট পানামার খুলনা সেন্টারকে অবৈধ চিহ্নিত করে মামলা করার নির্দেশ দেয়া হয়েছে। বেসরকারি বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ (সংশোধিত) ১৯৯৮ এর ধারা ১৩ এবং ১৯৯২ সালের বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে সন্নিবেশিত ২০ খ(২) ধারা অনুযায়ী এ নির্দেশ দেওয়া হয়।

এদিকে মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয় ১৫ এপ্রিলের মধ্যে তালিকা পাঠানোর নির্দেশ দিয়েছিল। কিন্তু নতুন তালিকা তৈরি না হওয়ায় তা মন্ত্রণালয়ে পাঠানো যায়নি।

বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশনের সদস্য অধ্যাপক ড. মাহবুব উল্ল্হা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া উচিত। তারা বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে কোচিং সেন্টারের ব্যবসা চালাচ্ছে। এগুলো পুরোপুরি অবৈধ। সরকার ও মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়া তারা কীভাবে কার্যক্রম চালাচ্ছে সেটাই প্রশ্ন।”

তিনি আরো বলেন, “এসব প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য এর আগেও সরকারের কাছে সুপারিশ করা হয়েছিল। আমরা কেবল সুপারিশই করতে পারি। কার্যকর করতে পারি না। প্রয়োজনে আমরা আরো শক্তভাবে বলব। একবার তালিকা দিয়েছি। আবারও তালিকা দেবো।”

এর আগে মঞ্জুরি কমিশন ৪০টি অবৈধ বিদেশি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ শাখার নামের তালিকা মন্ত্রণালয়ে জমা দেয়। মন্ত্রণালয় থেকে এসব প্রতিষ্ঠান সম্পর্কে নীতিমালা তৈরি করতে বলা হয়। পরে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন সংশোধন করে বিদেশি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত একটি ধারা যুক্ত করা হয়। এতে বলা হয়, বিদেশি বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশে শিক্ষা কার্যক্রম চালাতে হলে ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়’ হিসাবে অনুমোদন নিতে হবে। কিন্তু আইন করার পরও অধিকাংশ প্রতিষ্ঠান অনুমোদন ছাড়াই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এসব প্রতিষ্ঠান তাদের দেওয়া সনদ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সনদের সমমান দাবি করে আবেদন করলেও মঞ্জুরি কমিশন তা বাতিল করে দিচ্ছে।