২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ

নিজস্ব জায়গা-জমি না থাকায় বরিশালে তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সরকারি বেতন-ভাতা বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল সিটি কলেজ, এ করিম আইডিয়াল কলেজ এবং সোমার্তবান মহিলা মাদ্রাসা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2007, 07:16 PM

Updated : 26 Apr 2022, 02:14 PM

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) প্রণয় কান্তি বিশ্বাস এ ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের পর জেলা প্রশাসন শিক্ষক-কর্মচারীদের বেতনভাতা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

বরিশাল জেলা প্রশাসন সূত্র জানায়, চলতি বছরের মার্চ মাসের বেতন ভাতার বিল জমা দেওয়ার সর্বশেষ সময়সীমা ছিল ১২ এপ্রিল। এই সময়ের মধ্যে এসব প্রতিষ্ঠান জেলা প্রশাসনের কাছে বিল জমা দিলেও তা অনুমোদন করা হয়নি।

বরিশাল সিটি কলেজ নগরীর সদর রোডের পাশে জেলা প্রশাসনের নিজস্ব জমিতে প্রতিষ্ঠিত। এই জমি নিয়ে বহুদিন ধরে জেলা প্রশাসনের সঙ্গে কলেজ কর্তৃপক্ষের বিরোধ চলছে।

সিটি মেয়র এ্যাড. মজিবর রহমান সরোয়ার কলেজের সভাপতির দায়িত্ব সেওয়ার পর সেটি উচ্ছেদের সব তৎপরতা বন্ধ করে দেয় জেলা প্রশাসন।

বিএনপি নেতা এবায়দুল হক চানের বাবার নামে প্রতিষ্ঠিত এ করিম আইডিয়াল কলেজ নগরীর শেষ প্রান্তে কীর্তণখোলা নদীর তীরে খাস জমিতে নির্মাণ করা হয়েছে।

একই অভিযোগ আছে সমের্তবান মহিলা মাদ্রাসা নিয়েও। এ প্রতিষ্ঠানের জায়গা নিয়ে বিরোধ এখন তুঙ্গে।

এদিকে আকস্মিকভাবে বেতনভাতা বন্ধের ফলে শিক্ষা প্রতিষ্ঠান তিনটির অর্ধ শতাধিক শিক্ষক-কর্মচারী বিপাকে পড়েছেন।

এ ব্যাপরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) প্রণয় কান্তি বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের নির্দেশ রয়েছে নিজস্ব জায়গা না থাকলে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন ভাতা বন্ধ করার। এ কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।