পবিপ্রবিতে ছাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগে ৮ ছাত্র বহিষ্কার
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে লাঞ্ছিত করায় কৃষি অনুষদের চতুর্থ সেমিস্টারের আটজন ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার আবদুল হাকিম খান স্বাক্ষরিত এক আদেশে তাদের সাময়িক বহিষ্কার করা হয়।
বহিষ্কৃতরা হলেন মঞ্জুরুর রহমান, মোস্তাফিজুর রহমান, গিয়াস উদ্দিন, ফয়সাল রুবায়েত, অমিত চন্দ্র দাস, শিশির কুমার, সাব্বির সুলতান ও রাসেল মিয়া।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, সোমবার বিকেলে ক্লাশ শেষে প্রথম সেমিস্টারের ছাত্রী সামা আক্তার একাডেমিক ভবনের পিছন দিয়ে হোস্টেলে ফেরার পথে ওই আট ছাত্র র্যাগিং এর নামে তাকে লাঞ্ছিত করে। ওই ছাত্রী ঘটনাটি কর্তৃপক্ষকে জানালে মঙ্গলবার তাদের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম জানিয়েছেন, এ ঘটনায় উচ্চতর শিক্ষা ও গবেষণা অনুষদের ডিন অধ্যাপক মোস্তফা জামানকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কার্য দিবসের মধ্যে তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
