হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত ৫০, ভিসির পদত্যাগ
দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রোববার দু’দল ছাত্রের সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। আহত পাঁচ ছাত্রের অবস্থা গুরুতর। এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোতাহার হোসেন মণ্ডল পদত্যাগ করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে একদল ছাত্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে গল্প করছিলেন। পাশ দিয়ে যাওয়ার সময় আরেক দল ছাত্র তাদের কটুক্তি করলে বাদানুবাদের জের ধরে সংঘর্ষ শুরু হয়।
পরে দিনাজপুর থেকে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গুরুতর আহত ছাত্ররা হচ্ছেন সৌরভ, জ্যোতির্ময়, কনক, আনোয়ার, সুমন ও আনিস।
এদিকে একই দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. মোতাহার হোসেন মণ্ডল পদত্যাগ করেছেন। দিনাজপুর ক্যাম্পাস থেকে ফ্যাক্সের মাধ্যমে রোববার তিনি শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।
এ ব্যাপারে অধ্যাপক মোতাহার হোসেন মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দায়িত্ব নেয়ার পর আমি শক্ত হাতে বিশ্ববিদ্যালয় পরিচালনার উদ্যোগ নেই। কিন্তু সম্প্রতি বিভিন্ন মহল থেকে আমার ওপর চাপ আসছে। এ ছাড়া একটি মহল ক্যাম্পাসকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। ভবিষ্যৎ বিপদের আশঙ্কায় আমি পদত্যাগ করেছি।”
তিনি আরো বলেন, “আমি যোগ দেওয়ার আগে সরকারের অনুমোদন ছাড়াই ৯৮ জনকে নিয়োগ দেয়া হয়েছিল। বর্তমানে তাদের বেতনভাতা বন্ধ। তারাও চাপ দিচ্ছেন। দায়িত্ব নেওয়ার পর আমি কোনো দুর্নীতি করিনি। কোনো অন্যায় যাতে না করতে হয় সেজন্য পদত্যাগ করলাম।”
অধ্যাপক মোতাহার হোসেন মণ্ডল ২০০৬ সালের ৩১ আগস্ট উপাচার্য হিসাবে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যোগ দেন।
