২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করা হচ্ছে

পাবলিক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করতে আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এই আইনে জাতীয় রাজনীতি থেকে ছাত্র-শিক্ষক রাজনীতিকে পৃথক করা হবে। এছাড়া শিক্ষক নিয়োগ পদ্ধতি এবং আর্থিক কর্মকাণ্ডে আরো স্বচ্ছতা আনতে প্রয়োজনীয় বিধান রাখা হবে।

নিজস্ব প্রতিবেদক

মারুফ মল্লিক,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2007, 11:40 AM

Updated : 26 Apr 2022, 02:12 PM

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মার্চ মাসে গঠিত ছয় সদস্যের কমিটি এ ব্যাপারে কাজ শুরু করেছে। দেশের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় এই আইনের আওতায় পরিচালনার পরিকল্পনা করছে সরকার।

কমিটির প্রধান মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান এম আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় অভিন্ন নীতিমালার ভিত্তিতে পরিচালিত হবে। এজন্য ১৯৭৩ এর বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ এবং অন্য বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশগুলো যাচাই করা হবে। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি।”

মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, মার্চ মাসে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়গুলোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এছাড়া মঞ্জুরি কমিশনের তদন্তে বেরিয়ে আসা একাধিক বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির তথ্য এবং নতুন আইনের প্রস্তাবনা নিয়েও আলোচনা করা হয়েছে বৈঠকে।

প্রস্তাবিত নতুন আইনে শিক্ষক ও ছাত্র রাজনীতি সীমিত করার বিধান রাখা হবে। জাতীয় রাজনীতির সঙ্গে ছাত্র-শিক্ষক রাজনীতির সম্পৃক্ততা দূর করার পাশাপশি নিষিদ্ধ করা হবে ক্যাম্পাসে ধর্মঘট। রাজনৈতিক দলগুলোর কোনো কর্মসূচি পালন করতে পারবেন না ছাত্র-শিক্ষকরা। তবে তারা শিক্ষা সংক্রান্ত দাবি দাওয়া নিয়ে কর্মসূচি পালন করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়গুলোর আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে কঠোর বিধান থাকবে এই আইনে। মঞ্জুরি কমিশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায়ই দেখা যায় উপাচার্যরা নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত বাড়ি ভাড়া নেন। গাড়ির জন্য বরাদ্দ নেন অতিরিক্ত জ্বালানি। এছাড়া বিধি বহির্ভূতভাবে তারা একাধিক গাড়ি ব্যবহার করেন। এসব অনিয়ম বন্ধের ব্যবস্থা থাকবে নতুন আইনে।

এছাড়া নিয়োগের ক্ষেত্রেও প্রণীত হবে নতুন বিধিমালা। বর্তমানে নিয়োগের জন্য কমিশনের অনুমোদন লাগে বলে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক নিয়োগ হচ্ছে এডহক ভিত্তিতে। নতুন আইনের আওতায় শিক্ষক নিয়োগের জন্য মঞ্জুরি কমিশন আলাদা একটি কমিটি গঠন করে দেবে। এছাড়া উপাচার্য ও ডিন পদে নির্বাচন পদ্ধতি বাতিলের সুপারিশ করা হতে পারে। সিনেট বাতিল করা নিয়েও কমিটি চিন্তাভাবনা করছে।

সূত্র জানায় প্রস্তাবিত আইনে সপ্তাহের নির্দিষ্ট সময় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ব্যাপারে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অনুমোদন দেওয়া হবে। অবশ্য এ থেকে আয়ের দশভাগ জমা দিতে হবে নিজ বিশ্ববিদ্যালয়ে। পাশাপাশি শিক্ষকদের বেতন বাড়ানোর সুপারিশও করবে কমিশন।

কমিটির ও মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক তারেক শামসুর রেহমান জানান, এসব বিষয়গুলো আমরা বিবেচনায় নিয়েছি। এ নিয়ে উপাচার্য ও সুধী সমাজের সঙ্গে আলোচনা হতে পারে।

তিনি বলেন, যেসব বাস্তবতায় বিশ্ববিদ্যালয় পরিচালনার জন্য ১৯৭৩ সালে যে অধ্যাদেশ হয়েছিল সেগুলো এখন বদলে গেছে। বিশ্ববিদ্যালয়গুলো এখন স্বনির্ভর হয়ে উঠলে সরকারের ওপর চাপ কমবে।

ছাত্র-শিক্ষক রাজনীতি সীমিত করার সম্ভাবনা সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আনোয়ার হোসেন বলেছেন, শিক্ষকদের রাজনৈতিক অভিমত থাকতেই পারে। কিন্তু রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি কাক্সিক্ষত নয়। আগে রাজনীতিবিদরা আলোকিত হতে শিক্ষকদের কাছে আসতেন। আমরা সে অবস্থায় ফিরে যেতে চাই।

অবশ্য ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার সঙ্গে ভিন্নমত পোষণ করে তিনি বলেন, ছাত্র রাজনীতি না থাকলে ভবিষ্যৎ নেতা হবে কারা? দুর্ভাগ্যজনক হলেও সত্য আমাদের দেশে এখন প্রকৃত ছাত্র রাজনীতি নেই। আছে রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি।

ছাত্র রাজনীতি অবশ্যই থাকবে মন্তব্য করে তিনি বলেন, “এটা কেউ বন্ধ করতে পারবে না। কারণ ছাত্ররা কলুষমুক্ত, সংঘবদ্ধ। এখন যারা ছাত্র রাজনীতি বন্ধ করে দেওয়ার সবক দিচ্ছেন, আমার প্রশ্ন তারা বন্ধ করে দেওয়ার কে?”