পাঁচ বছরেই অধ্যাপক!
শিক্ষকতায় অভিজ্ঞতা মাত্র পাঁচ বছরের, অথচ এরই মাঝে নিয়োগ দেওয়া হয়েছে অধ্যাপক হিসাবে। নির্ধারিত বেতন সীমার বাইরে এক লাখ টাকারও বেশি প্রতিমাসে নিচ্ছেন উপাচার্য। এমনি নানা অনিয়মে ডুবে আছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তদন্তে বেরিয়ে এসেছে এসব তথ্য। আর্থিক অনিয়মের পাশাপশি সরকারের বেঁধে দেওয়া শর্তভঙ্গ এবং মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই দূর শিক্ষণ কার্যক্রম চালাচ্ছে বিশ্ববিদ্যালয়টি।
মঞ্জুরি কমিশন গত মাসে এ সংক্রান্ত তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।
তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নিয়ম অনুসারে পাঁচ কোটি টাকার সংরক্ষিত তহবিল থাকার কথা থাকলেও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ে তা নেই। উপাচার্যের বেতনের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশ অমান্য করা হয়েছে। প্রতি মাসে তিনি ১ লাখ ২৫ হাজার টাকার পরিবর্তে পাচ্ছেন ২ লাখ ৫০ হাজার টাকা।
বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ১৯৯২ এর ২০ নম্বর ধারা অনুসারে আয়-ব্যয়ের নিরীক্ষা করতে হবে। কিন্তু মঞ্জুরি কমিশন একাধিকবার তাগিদ দেওয়ার পরও সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো অডিট প্রতিবেদন জামা দিতে পারেনি।
মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন বিষয়ে সার্টিফিকেট দিচ্ছে। বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইন কমিউনিকেটিভ ইংলিশ, সার্টিফিকেট ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি (সেলপ) এবং সার্টিফিকেট ইন টেক্সটাইল ম্যানেজম্যান্ট অ্যান্ড মার্চেন্ডাইজিং টেকনোলজি কোর্স পরিচালনার অনুমোদন তাদের নেই।
শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও অনিয়মের প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগে ড. আইয়ুব নবীকে অধ্যাপক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। তার শিক্ষকতার অভিজ্ঞতা মাত্র পাঁচ বছর। এত কম অভিজ্ঞতার কাউকে অধ্যাপক করা যায় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ইউজিসির অনুমোদন ছাড়াই আটটি জেলায় আঞ্চলিক কেন্দ্র খূলে দূর শিক্ষণ পদ্ধতির বিভিন্ন কোর্সে শিক্ষার্থী ভর্তি করছে সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়। শুধু এমবিএ কোর্সটি দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালনার অনুমোদন থাকলেও তারা একাধিক বিষয়ে অনার্স এবং ইসলামিক স্টাডিজে এমএ কোর্স পরিচালনা করছে।
বিশ্ববিদ্যালয় স্থাপন ও পরিচালনার সাময়িক অনুমোদন পত্রে পাঁচ বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরের শর্ত থাকলেও কর্তৃপক্ষ এখনও কোনো পদক্ষেপ নেয়নি।
তদন্ত প্রতিবেদনের এসব অভিযোগ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আফতাব উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যথাযথ নিয়ম মেনেই বিশ্ববিদ্যালয় পরিচালনা করা হচ্ছে। তদন্ত কমিটিকে যথাযথ ভাবেই জবাব দেওয়া হয়েছে। আরো কোনো অভিযোগ থাকলে তারও জবাব দেওয়া হবে।
সংরক্ষিত তহবিল সম্পর্কে তিনি বলেন, এটা মালিক পক্ষের বিষয়। ব্যাংকে টাকা জমা দেওয়ার কাগজপত্র তদন্ত কমিটিকে দেখানো হয়েছে। স্থায়ী ক্যাম্পাসের জমি কেনার জন্য জোর চেষ্টা চলছে বলে তিনি জানান।
ইউজিসির সদস্য অধ্যাপক ড. এহসানুল হকের নেতৃত্বে চার সদস্যের কমিটি তদন্ত পরিচালনা করে। কমিটির অন্য সদস্যরা হলেন ইউজিসি সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুব উল্লাহ, অধ্যাপক ড. তারকে শামসুর রহমান এবং পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ।
এছাড়া ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন, অস্ট্রেলিয়ার ব্যাপারেও তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে জমা দিয়েছে মঞ্জুরি কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনের অনুমোদন ছাড়াই এ বিশ্ববিদ্যালয় বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসাবে কার্যক্রম পরিচালনা করছে। নিয়মানুযায়ী অনুমোদন না নিলে অবিলম্বে এ স্টাডি সেন্টার বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে।
