রাবিতে ভর্তি জালিয়াতি: অভিযুক্তকে বাধ্যতামূলক ছুটি
রাবির সমাজকর্ম বিভাগে ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িত বিভাগের উচ্চমান সহকারী মাসুদ রানাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। এ ছাড়া জড়িত অন্যান্যদের চিহ্নিত করতে গঠন করা হয়েছে ছয় সদস্যের তদন্ত কমিটি।
বুধবার উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেনের সভাপতিত্বে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভাগের প্রথম বর্ষ সম্মান শ্রেণীতে ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল কাগজপত্র জব্দ এবং বিভাগীয় ভর্তি উপ-কমিটির সকল সদস্যকে ভর্তি সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক এম খালেকুজ্জামানকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এ বিষয়ে সমাজকর্ম বিভাগের সভাপতি অধ্যাপক ড. ফখরুল ইসলাম জানিয়েছেন, বিভাগের পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনকে জানানো হয়েছে।
উপাচার্য অধ্যাপক ড. এম আলতাফ হোসেন অভিযুক্ত মাসুদ রানাকে বাধ্যতামূলক ছুটি প্রদানের বিষয়টি স্বীকার করে বলেন, ভর্তি জালিয়াতির সঙ্গে জড়িতদের শনাক্ত করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পেলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে জালিয়াতির বিষয়টি জানাজানি হলে বুধবার সকালের দিকে সমাজকর্ম বিভাগের ছাত্র-ছাত্রীরা বিভাগের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়।
ইতোমধ্যে মাসুদ রানা বিভাগীয় চেয়ারম্যানের কাছে এক লাখ ৬৯ হাজার টাকার বিনিময়ে আট শিক্ষার্থীকে ভর্তি করার কথা স্বীকার করেছেন।
