২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসসির চেয়ারম্যান বললেন “আমি দু:খিত”

“আমি দু:খিত”। কেবল এ কথাটি বলেই চলে গেলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম। তার পদত্যাগের গুঞ্জনের ব্যাপারে তার মন্তব্যের জন্য সারাদিন পিএসসিতে বসে থেকে ওই দুটো শব্দই কেবল জানা গেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2007, 07:40 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

পিএসসির চেয়ারম্যান রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে পদত্যাগ পত্র জমা দিয়েছেন এমন একটি খবর বুধবার একাধিক সংবাদপত্রে প্রকাশিত হওয়ার পর গণমাধ্যমকর্মীরা সারাদিন তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন।

কিন্তু দিনভর বসে থেকেও পিএসসির চেয়ারম্যানের দেখা মেলেনি। তার দপ্তর থেকে বিভিন্ন সময় বিভিন্ন কারণ দেখানো হয়। কখনও বলা হয় চেয়ারম্যান মিটিংএ আছেন। আবার কখনো জানানো হয় তিনি ব্যস্ত আছেন।

বুধবার বিকাল ৫ টার পর অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় উপস্থিত সাংবাদিকরা তাকে পদত্যাগ সম্পর্কে প্রশ্ন করলে তিনি শুধু বলেন, “আমি দু:খিত”। এটা বলেই তিনি দ্রুত গাড়িতে ওঠে যান।

পিএসসির সহকারী পরিচালক মো. কামরুজ্জামান শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চেয়ারম্যানের পদত্যাগ সংক্রান্ত কোনো তথ্য আমাদের কাছে নেই। তিনি অফিস করেছেন। মিটিংও করেছেন।”

কমিশন সূত্র জানায়, চেয়ারম্যান বুধবার অফিস করেন এবং বিভিন্ন ফাইলে স্বাক্ষর করেন। কমিশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করার সময় তিনি বলেছেন, আমি কোনো অন্যায় করিনি। মাথা নিচু করে যাব না।

পিএসসির চেয়ারম্যান হিসেবে অধ্যাপক জেড এন তাহিমদা বেগমের মেয়াদ শেষ হবে আগামী মে মাসে। ২০০২ সালের মে মাসে তিনি পিএসসির চেয়ারম্যান হিসাবে নিয়োগ পান। পুরো সময়টিতেই তিনি আলোচনায় ছিলেন। তার আমলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার অভিযোগে ২৪তম বিসিএস এর প্রাথমিক নির্বাচনী পরীক্ষা বাতিল হয়ে যায়। ২৫, ২৬ ও ২৭তম বিসিএস নির্বাচনী পরীক্ষার সময়ও প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠে। এছাড়া বিভিন্ন সময় পিএসসির অধীনে অনুষ্ঠিত অন্যান্য নন ক্যাডার সার্ভিসের নিয়োগ পরীক্ষার ক্ষেত্রেও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ রয়েছে।

তবে পিএসসি ও চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম দাবি করে আসছেন, এসব অভিযোগ ‘ভিত্তিহীন’।