জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডাইনিংয়ে খাবারের দাম বাড়ছে
শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা ছাড়াই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের ডাইনিং এর খাবারের দাম এবং স্থাপনা চাঁদা (ইস্টাবলিস্টমেন্ট ফি) বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার প্রাধ্যক্ষ কমিটির সভাপতি অধ্যাপক মির্জা মফিজউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বেলা খাবারের কুপনের মূল্য আট টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা এবং স্থাপনা চাঁদা ২০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করা হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের সঙ্গে আলোচনা ছাড়া এ সিদ্ধান্ত নেওয়ার প্রতিবাদে তারা বৃহস্পতিবার উপাচার্যের কাছে স্মারকলিপি দেবেন এবং সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।
এর আগে কয়েক দফায় কর্র্তৃপক্ষ খাবারের ফি বৃদ্ধির পদক্ষেপ নিলেও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে তা বাস্তবায়িত হয়নি। তবে এবার খাবারের ফি’র সঙ্গে স্থাপনা চাঁদাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রগতিশীল ছাত্রজোট নেতা ও ছাত্র ইউনিয়নের আহবায়ক কল্লোল বণিক বলেন, কর্তৃপক্ষের এক তরফা সিদ্ধান্ত ছাত্র সমাজ কখনো মানেনি, এবারও মানবে না।
অধ্যাপক মির্জা মফিজউদ্দিন বলেন, বাজার মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি এ বর্ধিত ফি মেনে নেয়ার জন্য শিক্ষার্থীদের সহযোগিতা চান।
