২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাধ্যমিক স্তরের ছাত্রীদের ৬০ থেকে ৬৫ ভাগ উপবৃত্তির বাইরে থাকছে

মাঠ পর্যায়ে শিক্ষকদের অনিয়ম এবং কঠোর শর্ত আরোপের কারণে মাধ্যমিক স্তরের ৬০ থেকে ৬৫ ভাগ ছাত্রীই উপবৃত্তির আওতার বাইরে থাকছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 02:50 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

ছাত্রীদের উপবৃত্তি প্রকল্পের পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, মেয়েদের বিদ্যালয়গামী করার উদ্দেশে বৃত্তি পাওয়ার শর্ত শিথিল ছিল বলে গ্রামের স্কুলে ছাত্রীদের সংখ্যা বেড়েছে। এখন শিক্ষার গুণগত মান নিশ্চিত করার উপর গুরুত্ব দেয়া হচ্ছে বলে কেবল মেধাবীরাই এ বৃত্তি পাচ্ছে।

তিনি বলেন, “মাঠ পর্যায়ে বিভিন্ন অনিয়মের অভিযোগ আমরা শুনেছি। শিক্ষকদের জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। মাঠ পর্যায়ে খাতা পরীক্ষা করে দেখা হচ্ছে। ধরা পড়লে এমপিও বাতিল করা হয়।”

প্রকল্পের এক কর্মকতা বলেন, উপবৃত্তির পাশাপাশি টিউশন ফি পাওয়ার উদ্দেশ্যে শিক্ষকদের বিরুদ্ধে নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ হরহামেশাই পাওয়া যায়। এ অভিযোগে স্কুলের এমপিও বাতিল করা হয়েছে। সম্প্রতি বরিশালের বেতাগি উপজেলার একটি স্কুলের এমপিও বরাদ্দ বাতিল করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক  প্রকল্পের ওই উর্ধ্বতন কর্মকর্তা বলেন, এ প্রকল্পের টার্গেট ছিল দরিদ্র ছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া। কিন্তু এরা প্রকল্পের আওতার বাইরে চলে যাচ্ছে। মাঠ পর্যায়ের অবস্থা খুবই খারাপ। বর্তমানে এ প্রকল্পের আওতায় ৩০ লাখ ছাত্রী আছে। কিন্তু সবাইকে বৃত্তি দেওয়া যাচ্ছে না। ৩০ থেকে ৩৫ ভাগ ছাত্রী বৃত্তি পাচ্ছে। নম্বরের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ ও অনিয়মের কারণে দরিদ্র শিক্ষার্থীরা বাদ পড়ে যাচ্ছে।

প্রকল্প পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, গরীব শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দেওয়ার জন্য ‘প্রো পুওর টার্গেট প্রজেক্ট’ নামে আরও একটি প্রকল্প পরীক্ষামুলকভাবে চলছে। বর্তমানে বিশ্বব্যাংক ১১৯টি উপজেলায় এ প্রকল্প পরিচালনা করছে। ১০ ভাগ গরীব মেধাবী ছাত্রদেরও বৃত্তি দেয়া হবে এ প্রকল্প থেকে। এটি সফল হলে সরকার সারা দেশেই প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেবে।

ওদিকে ২০ মার্চ থেকে সারা দেশে মাধ্যমিক স্তরের ছাত্রীদের উপবৃত্তি  প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়েছে। এ পর্যায়ে সারাদেশ মোট ১২ লাখ ছাত্রীকে বৃত্তির টাকা প্রদান করা হবে। ৩শ’ ২টি উপজেলার ১৫ হাজার ৩শ’ ৫০টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রীকে মোট ৪৬ কোটি টাকা দেয়া হচ্ছে।

এ প্রকেল্পের আওতায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা মাসে ২৫ টাকা, ৭ম শ্রেণীতে ৩০ টাকা, ৮ম শ্রেণীর ৩৫ টাকা এবং ৯ম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা ৬০ টাকা হারে বৃত্তি পাবে। প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রথম কিস্তিতে বরাদ্দ ছিল মোট ৯৮ কোটি টাকা। এর মধ্যে ৮৯ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

উপবৃত্তির বিপরীতে প্রতিটি ছাত্রীর জন্য শিক্ষা প্রতিষ্ঠানকে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ১৫ টাকা এবং ৯ম ও ১০ম শ্রেণীর জন্য ২০ টাকা হারে টিউশন ফি দেওয়া হয়। এছাড়া নবম শ্রেণীতে উত্তীর্ণ হলে শিক্ষার্থীদের বই কেনার জন্য ২৫০ টাকা এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণের জন্য ৫৫০ টাকা বৃত্তি দেয়া হয়। ১৩ বছর ধরে একই হারে বৃত্তি দেওয়া হচ্ছে।

ছাত্রীদের উপবৃত্তি প্রাপ্তির শর্ত হচ্ছে শ্রেণীকক্ষে ৭৫ ভাগ উপস্থিতি। পরীক্ষায় কমপক্ষে ৪৫ ভাগ নম্বর অর্জন এবং এসএসসি পর্যন্ত অবিবাহিত থাকা।

১৯৯৪ সালে দেশে প্রথম মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে উপবৃত্তির কার্যক্রম শুরু হয়। ২০০৫ সালের ৩০ জুন প্রথম পর্যায়ের প্রকল্পের মেয়াদ শেষ হয়। প্রকল্পের দ্বিতীয় পর্যায় শুরু হয় ওই বছরের ১ জুলাই। ২০০৮ সালের ডিসেম্বরে এ প্রকল্পের মেয়াদ শেষ হবে।