জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা এখনও মঞ্জুরি কমিশনে পাঠায়নি বিশ্ববিদ্যালয়গুলো
নির্ধারিত সময় পার হয়ে গেলেও জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা মঞ্জুরি কমিশনে পাঠায়নি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। মঞ্জুরি কমিশনের চিঠির জবাবে একটি বিশ্ববিদ্যালয় জানিয়েছে তাদের জ্যেষ্ঠ শিক্ষক নেই।
মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, সরকার এই তালিকা তৈরি করার উদ্যোগ নিয়েছে যাতে বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে প্রয়োজন হলে সরকার দ্রুত তাদের কাছে মতামত ও পরামর্শ চাইতে পারে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এম আসাদুজ্জামান নফহবংি২৪.পড়স কে বলেন, মন্ত্রণালয় জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা তৈরির জন্য বলেছে। আমরা সবকয়টি বিশ্ববিদ্যালয়কেই তালিকা পাঠানোর জন্য বলেছি। কিন্তু এখনও পাইনি।
মঞ্জুরি কমিশন থেকে পাঠানো চিঠিতে বলা হয়, জরুরি ভিত্তিতে তালিকা তৈরি করে ২৫ মার্চের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনে পাঠাতে হবে। জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকায় ওইসব শিক্ষকদের অনুষদ ও বিভাগের নাম এবং অধ্যাপক পদে যোগদানের তারিখ উল্লেখ করতে হবে।
ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং বুয়েটের কাছে জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা চেয়ে প্রথম চিঠি পাঠায় শিক্ষা মন্ত্রণালয়ই। ২০ মার্চ পাঠানো ওই চিঠির অনুলিপি মঞ্জুরি কমিশনে পাঠানো হয়। এরপর ২২ মার্চ মঞ্জুরি কমিশন ওই ছয়টি বিশ্ববিদ্যলয়সহ সবকয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আলাদা চিঠি পাঠিয়ে জ্যেষ্ঠ শিক্ষকের তালিকা দিতে বলে।
মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, কমিশনের চিঠির জবাব দিয়েছে কেবল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। মওলানা ভাসানী বিশ্ববিদ্যালয় জানিয়েছে, অধ্যাপক পদে তাদের কোন শিক্ষক নেই।
মঞ্জুরি কমিশন জানিয়েছে, শিক্ষকদের নামের তালিকা থেকে বাছাই করে ডাটাবেজ তৈরি করবে মন্ত্রণালয় যাতে বিভিন্ন ক্ষেত্রে এদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতে পারে সরকার। দ্রুত যোগাযোগ করা সম্ভব হয়।
এ ছাড়া তালিকা থেকে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদে নিয়োগ দেয়া হতে পারে।
অন্যান্য দেশেও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকদের তালিকা সরকারি উদ্যোগে তৈরি করা হয়। প্রতিবেশি ভারতসহ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর এ ধরনের তালিকা আছে।
