অনুমোদনহীন ৪০ বিদেশি বিশ্ববিদ্যালয় বন্ধের সুপারিশ
বাংলাদেশে ৪০টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধের সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব শিক্ষা প্রতিষ্ঠান সরকারের অনুমোদন ছাড়াই এ দেশে শাখা খুলে ‘শিক্ষাবাণিজ্য’ চালাচ্ছে বলে অভিযোগ করেছে তারা।
ইউজিসির পক্ষ থেকে গত ২১ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, “দেশের বিভিন্ন জায়গায় বিদেশি বিশ্ববিদ্যালয়ের নামে অবৈধভাবে স্থাপিত সেন্টার শিক্ষাবাণিজ্য করছে। এ ধরনের ৪০টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের সেন্টার চিহ্নিত করা হয়েছে। এদের ব্যাপারে মন্ত্রণালয়ের খুব শক্ত অবস্থান নেওয়া বাঞ্ছনীয়।”
ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. খালেদ স্বাক্ষরিত ওই চিঠিতে ওয়েস্ট কোস্ট ইউনিভার্সিটি--পানামা এর খুলনা সেন্টারটিকে সম্পূর্ণ বেআইনি ও অবৈধ উল্লেখ করা হয়েছে। এ ধরনের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়ার সুপারিশ করা হয় চিঠিতে।
বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আসাদুজ্জামান নফহবংি২৪.পড়স কে বলেন, “এ ধরনের সেন্টার খুলে শিক্ষা নিয়ে সীমাহীন প্রতারণা করা হচ্ছে। শক্তিশালী একটি চক্র এর সঙ্গে জড়িত। এসব প্রতিষ্ঠানের কোনো সিলেবাস নেই। শিক্ষকও নেই।”
তিনি জানান, সম্প্রতি খুলনায় এ ধরনের চারটি বিশ্ববিদ্যালয় পাওয়া গেছে। ঢাকা ছাড়াও জেলা পর্যায়ে প্রতারকরা জাল বিস্তার করেছে। পিএইচডি থেকে শুরু করে নার্সিং, ফিজিওথেরাপি সব ধরনের ডিগ্রিই দেয় এসব প্রতিষ্ঠান।
এ পর্যন্ত ৪০টি বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা সনাক্ত করা হয়েছে। কার্যক্রম বন্ধ করার জন্য এদের নোটিশও দেওয়া হয়েছে। ইউজিসি এদের সম্পর্কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনকে।
সম্প্রতি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন এর ঢাকার স্টাডি সেন্টার নিয়ে মঞ্জুরি কমিশন তদন্ত চালায়। এতে গেছে, এই স্টাডি সেন্টার স্থাপন প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যাক্ট ১৯৯২ এবং সংশোধিত আইন ১৯৯৮ এর পরিপন্থী।
ভিক্টোরিয়া ইউনিভার্সিটি মেলবোর্ন এর ঢাকা স্টাডি সেন্টার এর মার্কেটিং ম্যানেজার আসলান খলিল মঙ্গলবার নফহবংি২৪.পড়স কে বলেন, ঢাকা স্টাডি সেন্টার ইউজিসির অধীন নয়, বরং শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। তবে কমিশন এরকম একটি সুপারিশ পাঠিয়েছেন কি--না তা তিনি বলতে পারেন না।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয় ও মঞ্জুরি কমিশনের পূর্ব অনুমোদন ছাড়া এর কার্যক্রম পরিচালনা ও বিদেশি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস হিসাবে ডিগ্রি দেওয়া সম্পূর্ণ অবৈধ।
মঞ্জুরি কমিশন সূত্রে জানা গেছে, আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে এসব প্রতিষ্ঠান শিক্ষার্থীদের ভর্তি করে থাকে। অধিকাংশ ক্ষেত্রেই বিদেশি বিশ্ববিদ্যালয়ে ক্রেডিট ট্রান্সফারের প্রলোভন দেখানো হয়। বিভিন্ন আধুনিক ও উন্নত বিষয়ে ডিগ্রি দেওয়ার কথা থাকলেও এসব প্রতিষ্ঠানে দক্ষ শিক্ষক নেই। অধিকাংশ সময় বিভিন্ন সরকারি বিশ্বদ্যিালয় থেকে ধার করা শিক্ষক দিয়ে কার্যক্রম পরিচালনা করা হয়। অপর্যাপ্ত ও অপরিসর শ্রেণীকক্ষ, লাইব্রেরি দিয়েই চলে এসব বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের এক সদস্য নফহবংি২৪.পড়স কে বলেন, যে কোনো বিদেশি বিশ্ববিদ্যালয় এখানে কার্যক্রম পরিচালনা করতে পারে। তবে অবশ্যই নিয়ম মেনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।
ইউজিসি সূত্র জানায়, এর আগে দুটি বিদেশি বিশ্ববিদ্যালয়কে সরকারি নিয়ম মেনে কার্যক্রম পরিচালনার অনুমতি দিয়েছিল মঞ্জুরি কমিশন। পরে সেগুলো প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের আওতায় স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় হিসাবে বাংলাদেশে কার্যক্রম শুরু করে।
