২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে অরাজকতা: সেমিনারে বক্তারা

দেশের অধিকাংশ সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জবাবদিহিতার কোনও ব্যবস্থা নেই। সেখানে চলছে অরাজকতা। শিক্ষার্থীরাও কোনও শৃঙ্খলা মেনে চলেন না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2007, 04:45 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘ডিইউ-- ৬৭ ক্লাব’ আয়োজিত “পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়ন: ঢাকা বিশ্ববিদ্যালয়” শীর্ষক জাতীয় সেমিনারে শনিবার বক্তারা এসব কথা বলেন।

সংগঠনের সভাপতি সোহেল আহমেদ চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম।

প্রবন্ধে পরিস্থিতি উন্নয়নে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ বাতিল না করে হালনাগাদ করার আহ্বান জানানো হয়। এছাড়া ছাত্রবেতন বৃদ্ধি, শিক্ষকদের বেতন বৃদ্ধি, তাদের জবাবদিহিতা নিশ্চিত করা, ক্যাডারভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ এবং শিক্ষক নিয়োগের পদ্ধতি পরিবর্তন করাসহ  বেশ কিছু সুপারিশ করা হয়।

সেমিনারে অধ্যাপক আনিসুজ্জামান শিক্ষাখাতে মোট ব্যয় বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, বরাদ্দের বড় অংশ প্রাথমিক ও মাধ্যমিক স্তরে ব্যয় করতে হবে। এছাড়া উচ্চশিক্ষা খাতে বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আসাদুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত ক্লাশ -- পরীক্ষা হয় না। শিক্ষকরা ছুটি না নিয়ে দেশের বাইরে চলে যান। ৮০ ভাগ শ্রেণীকক্ষ তালাবদ্ধ থাকে।

১৯৭৩ সালের বিশ্ববিদ্যালয় অধ্যাদেশের পরিশোধন ও পরিমার্জন দরকার বলে তিনি মন্তব্য করেন। অধ্যাপক আসাদুজ্জামান বলেন, ছাত্র--শিক্ষক রাজনীতি সীমিত করা প্রয়োজন। মঞ্জুরি কমিশনের আইন দুর্বল।

অধ্যাপক আব্দুল মোমিন চৌধুরী বলেন, বাইরে থেকে দেখলে বিশ্বাস হবে না বিশ্ববিদ্যালয়ে কীভাবে নৈতিকতার অবক্ষয় ঘটছে। শিক্ষকদের দায়িত্বহীনতা পীড়াদায়ক। অনেকেই সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ না নিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নেন।

সেমিনারে শিক্ষাবিদ আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, শিক্ষাঙ্গন এখন রাজনৈতিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেটি আর আর শিক্ষকদের কর্তৃত্বের মধ্যে নেই।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী বলেন, একজন শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি একাধিক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাশ নেন। এ কারণে সব জায়গাতেই শিক্ষার মান কমে যাচ্ছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি সরকারি বিশ্ববিদ্যালয়ের জন্যও অ্যাক্রিডিটেশন কাউন্সিল থাকা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে বহিরাগতরা ছাত্রদের কান ধরে ওঠাবস করায়। এটা ছাত্র রাজনীতি না। কোচিং সেন্টারের মালিকরা টাকা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের সদস্য হচ্ছে। শিক্ষকদের কোনও জবাবদিহিতা নেই। অনেক বিখ্যাত শিক্ষক ক্লাশ নেন না। অথচ সভা সেমিনার করে অন্য পেশার জবাবদিহিতা দাবি করেন।