মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে ১৯৫ জন বহিস্কৃত
এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে নকলের দায়ে সারাদেশে কমপক্ষে ১৯৫ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে ৭৩ জন, দাখিলে ২৪ জন এবং এসএসসি ভোকেশনালে ৯৮ জন বহিস্কৃত হয়েছেন। পাশাপাশি নকলে সহায়তা করার জন্য চার জন শিক্ষককেও বহিস্কার করা হয়েছে।
সূত্র আরো জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত সারাদেশ থেকে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে উল্লেখিত তথ্য এসে পৌছেছে। এ সময় পর্যন্ত মাদ্রাসা বোর্ডের সাতটি এবং কারিগরী বোর্ডের ৫৬ টি কেন্দ্র থেকে কোন তথ্য নিয়ন্ত্রণ কক্ষে এসে পৌছেনি।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে আরো জানা গেছে, প্রথম দিনে তিন হাজার ৮৫৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেননি। এরমধ্যে এসএসসিতে দুই হাজার ৯২২ জন, দাখিলে ২৫০ জন এবং এসএসসি ভোকেশনালে ৬৮৫ জন পরীক্ষার্থী রয়েছেন।
মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে বৃহস্পতিবার সারা দেশে এক যোগে শুরু হয়েছে তিন পর্যায়ের মাধ্যমিক পরীক্ষা।
প্রথম দিন এসএসসিতে ইংরেজি (আবশ্যিক) প্রথম পত্র, দাখিল পরীক্ষায় কুরআন মজীদ ও তাজবীদ ও এসএসসি ভোকেশনালে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এবার এ তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা দশ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। গতবারের চেয়ে এবার ৩৪ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী বেশি। গত বছর এ সংখ্যা ছিল নয় লাখ ৯৫ হাজার ১২৩।
এবারের মোট পরীক্ষার্র্থীর মধ্যে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা সাত লাখ ৯৬ হাজার ৭৩, দাখিলে এক লাখ ৬৯ হাজার ৩৮৭ এবং এসএসসি ভোকেশনালে ৬৪ হাজার ৪২৫।
বোর্ড ওয়ারি এবার এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা হলো ঢাকা বোর্ডে দুই লাখ ৩০ হাজার ৪৩, রাজশাহীতে দুই লাখ ১২ হাজার ১৯৯, কুমিল্লায় ৯০ হাজার ৬৬, যশোরে একলাখ ১৭ হাজার ৬০৯, চট্টগ্রামে ৬২ হাজার ১০৭, বরিশালে ৫১ হাজার ৬৭৩ এবং সিলেটে ৩২ হাজার ৩৭৬।
এবার এক হাজার ৯০৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসি’র কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনালের সংখ্যা ৫৩৫।
এছাড়া বিদেশে সাতটি কেন্দ্রে ২৪৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কেন্দ্রগুলো হচ্ছেÑ সৌদি আরবে জেদ্দা ও রিয়াদ, ত্রিপলী, দোহা, আবুধাবি, দুবাই এবং বাহরাইন।
এদিকে ঢাকা মহানগর ও সাভারের ছয়টি কেন্দ্র আকস্মিক পরিদর্শন করেন শিক্ষা উপদেষ্টা আইয়ুব কাদরী। এ সময় সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে তিনি বলেন, নকল মুক্ত পরীক্ষার পরিবেশ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। পরীক্ষার নকলের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না।
চট্টগ্রাম থেকে নফহবংি২৪.পড়স প্রতিনিধি জানিয়েছেন, এসএসসি পরীক্ষার প্রথম দিনে চট্টগ্রাম বোর্ডে মোট ১৪ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে দুজন ভূয়া পরীক্ষার্থীও আছেন। খাগড়াছড়ি জেলায় সর্বোচ্চ ৮জন পরীক্ষার্থী বহিস্কৃত হয়েছেন।
