মোস্তফা হাকিম কলেজে ফের সংঘর্ষ, ২ শিক্ষককে পুননিয়োগের সিদ্ধান্ত
নগরীর কর্নেল হাটে অবস্থিত মোস্তফা হাকিম কলেজে দুই শিক্ষককে পুননিয়োগ দেওয়ার দাবিকে কেন্দ্র করে মঙ্গলবার আবারও ছাত্র ও শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
এসময় উভয়পক্ষের সমর্থক শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া--পাল্টা ধাওয়া ও ইট--পাটকেল নিক্ষেপে শিক্ষকসহ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে।
দ্বিতীয় দিনের মতো সংঘর্ষের পর কলেজ কর্তৃপক্ষের সঙ্গে পুলিশ প্রশাসনের আলোচনায় এই দুই শিক্ষককে পুনরায় পাঠদানের সুযোগ দেওয়ার আশ্বাসের পর পরিস্থিতি শান্ত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে কতিপয় ছাত্র ও বহিরাগত কলেজ ক্যাম্পাসে এসে নিয়োগ বাতিল হওয়া দুই শিক্ষককে পুনরায় চাকরির সুযোগ দেওয়ার দাবি জানালে শিক্ষকদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে শিক্ষকদের সঙ্গে তাদের হাতাহাতি শুরু হলে কলেজের শিক্ষার্থীরা শিক্ষকদের পক্ষ নেয়।
এতে উভয়পক্ষের মধ্যে ধাওয়া- পাল্টা ধাওয়া ও ইট--পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। বিক্ষুব্ধ ছাত্ররা কর্নেল হাট ও অলংকার মোড়ে ব্যারিকেড দিয়ে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ করে রাখে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইটের আঘাতে উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে বলে কলেজের একজন শিক্ষক জানান। আহতদের মধ্যে রয়েছেন কলেজের বাংলা শিক্ষক বিকাশ কান্তি মজুমদার, কলেজের কর্মচারি আলমগীর, সাখাওয়াত হোসেন, প্রিয়তোষ পাল, ইসমাঈল। তাদের কয়েকজনকে স্থানীয় আল আমিন ক্লিনিকে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
কলেজ অধ্যক্ষ প্রফেসর ফজলুল কাদের চৌধুরী বলেন, “একটু ঝামেলা হয়েছিল, কিন্তু পরে উভয়পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় বড় কিছু হয়নি।”
তিনি জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং পুলিশের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে আপাতত একটি সমাধানে পৌছা গিয়েছে। আলোচনা শেষে এই দুই শিক্ষককে আগামী বৃহস্পতিবার থেকে আবারও শিক্ষকতা করার অনুমতি দেওয়া হয়েছে।
ডবলমুরিং জোনের এসি তোফায়েল আহমেদ কলেজ ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনার কথা নিশ্চিত করলেও রাস্তায় ব্যারিকেড দেওয়ার কথা অস্বীকার করেছেন।
তিনি জানান, কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর ঝামেলাটি মিটে গেছে। তাই কোনো আইনগত পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হয়নি।
