২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দি ব্রিটিশ স্কুলে জমজমাট বিজ্ঞান মেলা

শ্রেণীকক্ষে ঢুকেই চমকে যেতে হলো। একী! মাথায় রক্তমাখা ব্যান্ডেজ, হাতেও তাই। কী হয়েছে জিজ্ঞেস করতেই হাসিমুখে ছেলেটি জানালো, আসলে সে অভিনয় করছে। তাকে সাহায্যের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিয়ে কাছেই রয়েছে তড়িৎকর্মা একদল ‘বিশেষজ্ঞ ডাক্তার’। তাদের কারো হাতে সিরিঞ্জ, কারো বা হাতে স্যাভলন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2007, 04:47 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

এর পাশেই আরেকটি দল দর্শনার্থীদের মানবদেহের পরিপাক ক্রিয়া বোঝাতে উঠেপড়ে লেগেছে। চোস্ত ইংরেজিতে গড়গড় করে তারা জানাচ্ছে খাবার কোথায় যায়, কীভাবে তা হজম হয় ইত্যাদি ইত্যাদি। একই কক্ষে গায়ে গা লাগিয়ে দাঁড়ানো আরেক দলের সামনের টিবিলভর্তি হরেক রকমের মশল্লা। রান্নায় ব্যবহৃত এসব মশল্লার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি এগুলোর গুণাগুণও বর্ণনা করছে তারা।

আরেকটি রুমে গিয়ে তো আরও অবাক হওয়ার পালা। প্লেটভর্তি বিভিন্ন খাবার, কাঁচা মাছ, মাংস, ডিম, সবজি, দুধ, দই। বিভিন্ন উপাদানসমৃদ্ধ খাবারের সঙ্গে পরিচিতি ঘটানোই এ প্রজেক্টের লক্ষ্য--জানালো ইয়ার-- ৪ এর খুদে শিক্ষার্থীরা। এতোসব খাবার, খাও তোমরা এগুলো বাসায়--- জিজ্ঞেস করতেই কয়েকটি মাথা ‘হ্যাঁ’ সূচক নাড়াতে গিয়েও যেন থেমে গেল। 

ইয়ার--৯ এর শিক্ষার্থীদের প্রজেক্টের বিষয় মানব জন্মরহস্য। একটি ছোট্ট বোতলে তিন মাস বয়সী একটি মানবভ্রুণ। সেটিকে ঘিরে কৌতূহল বেশিরভাগেরই।

রাজধানীর ধানমন্ডিতে দি ব্রিটিশ স্কুলে শনিবার আয়োজন করা হয়েছিল অন্য রকমের এক বিজ্ঞান মেলা। মেলা না বলে একে ছোটখাটো বিজ্ঞান জাদুঘর বললে মোটেও অত্যুক্তি হবে না। সাধারণত স্কুল--কলেজে বিজ্ঞান মেলা বলতে যা বোঝায় এখানে তার ব্যতিক্রমই ছিল ষোলআনা।

গাছপালার যথার্থ ব্যবহার, বাংলাদেশের মাছ, পরিবেশ দূষণ, বায়োগ্যাস প্লান্ট, কম্পিউটারের বিচিত্র ব্যবহার, বাংলাদেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আগামী ঢাকার ট্রাফিক ব্যবস্থা, আগ্নেয়গিরি, সৌর ব্যবস্থা, ভবিষ্যত বাংলাদেশ, বিশ্ব ব্রহ্মাণ্ড, বিদ্যুত সমস্যা, মঙ্গলগ্রহে জীবনযাপন প্রণালী, ডিশের সাহায্যে শব্দকে কী করে আয়ত্তে আনা যায় এসব কিছুই ছিল মেলায়। সচরাচর দেখা যায় না এরকম আরেকটি প্রজেক্ট ছিল মেলায়, তাহলো একজন অপরাধীর মনের বিচিত্র গতি।

ইয়ার-- ১০ এর তিন ছাত্রী শুচিস্মিতা সীমন্তি, নাজিবা হোসেইন ও সাঈদা সামিরা ওয়াহিদ ইতিহাস ঘেঁটে তুলে এনেছে বহুল আলোচিত বিভিন্ন অপরাধচিত্র, কীভাবে মানুষের মনে অপরাধ প্রবণতা জন্ম নেয়, তা জন্ম বা বংশগত কিনা এসবকিছু। তাদের প্রজেক্টের প্রধান বার্তাটি ছিল দারিদ্র এবং বেকারত্ব এই দুটোই অপরাধ সংঘটনের প্রধান অনুষঙ্গ। অপরাধের জন্ম সম্পর্কিত বিষয়গুলো জানা থাকলে বাংলাদেশের মতো দেশেও অপরাধের হার অনেক কমে যেত বলে জানালো তারা।

স্কুলটির শিক্ষার্থী ও শিক্ষকরা জানান, খুব অল্প সময়ের মধ্যে মেলার জন্য প্রস্তুতি নিতে হয়েছে তাদের। তারপরও সেটি শেষপর্যন্ত সফল হয়েছে বলেই তাদের ধারণা। মেলা দেখতে আসা অভিভাবকরাও বেশ খুশি তাদের সন্তানদের সৃজনশীলতা দেখে। সকাল ৯টায় শুরু হয়ে বিজ্ঞান মেলা চলে বেলা ১টা পর্যন্ত।