মাধ্যমিক পরীক্ষার চতুর্থ দিনে ৫৮ জন বহিস্কৃত
এসএসসি, দাখিল ও এসএসসি কারিগরি পরীক্ষার চতুর্থ দিনে নকলের দায়ে সারাদেশে ৫৮ জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। এর মধ্যে এসএসসিতে ৭ জন, দাখিলে ৫ জন এবং এসএসসি কারিগরি ৪৬ জন বহিস্কৃত হয়েছে।
নকলে সহায়তা করায় বহিস্কৃত হয়েছেন ৪ জন শিক্ষক। পরীক্ষায় অংশগ্রহন করা থেকে বিরত ছিলেন দুই হাজার ১৩২ জন ছাত্রছাত্রী।
ফলে মাধ্যমিক পরীক্ষার প্রথম চার দিনের পরীক্ষায় বহিস্কার হওয়া ছাত্রছাত্রী ও শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে যথাক্রমে ৬৫৬ ও ২২ জন। আর মোট অনুপস্থিতির সংখ্যা হচ্ছে ১২ হাজার ৪১৬ জন।
শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এসব তথ্য জানিয়েছে।
মাদ্রাসা ও কারিগরি বোর্ডসহ মোট নয়টি বোর্ডের অধীনে আট মার্চ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে তিন পর্যায়ের মাধ্যমিক পরীক্ষা।
বৃহস্পতিবার চতুর্থ দিনে এসএসসিতে বাংলা আবশ্যিক (দ্বিতীয় পত্র), সহজ বাংলা (দ্বিতীয় পত্র), বাংলা ভাষা ও বাংলা সংস্কৃতি (দ্বিতীয় পত্র), দাখিল পরীক্ষায় ইসলামের ইতিহাস এবং এসএসসি ভোকেশনালে বাংলা ট্রেড বিজ্ঞান-২ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রোববার পঞ্চম দিনে অনুষ্ঠিত হবে এসএসসিতে গণিত(অবশ্যিক), দাখিলে সাধারণ গণিত, তাজবীদ(মুজাব্বিদ গ্র“প) ও তাজবীদ(হিফজুল কুরআন) এবং এসএসসি ভোকেশনালে গণিত-২ পরীক্ষা ।
এবার এ তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ২৯ হাজার ৮৮৫ জন। গতবারের চেয়ে এবার ৩৪ হাজার ৭৬২ জন পরীক্ষার্থী বেশি। গত বছর এ সংখ্যা ছিল নয় লাখ ৯৫ হাজার ১২৩।
এবার এক হাজার ৯০৮ টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এর মধ্যে এসএসসির কেন্দ্রের সংখ্যা ৯০৬ , দাখিলের ৪৬৭ এবং ভোকেশনাল কেন্দ্রের সংখ্যা ৫৩৫।
