২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৫৯ বছরে বিশ্ববিদ্যালয়ে পড়তে চান আবদুল খালেক

শিক্ষা গ্রহণের কোনও বয়স নেই। প্রচলিত সব রীতি--নীতি ভেঙে সে কথাই আবারও প্রমাণ করলেন ৫৯ বছরের আব্দুল খালেক। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে রোববার প্রায় ৪৪ হাজার পরীক্ষার্থীর সঙ্গে তিনিও অংশ নেন ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2007, 06:41 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

যশোরের চৌগাছা উপজেলায় আব্দুল খালেকের বাড়ি। পেশায় ইসলামিক ফাউন্ডেশনের থানা কেয়ারটেকার। অন্যরকমের এই পরীক্ষার্থীকে দেখতে শিক্ষার্থীদের পাশাপাশি ছুটেছেন শিক্ষকরাও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফয়েজ মোহাম্মদ সিরাজুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এএসএম আনোয়ারুল করিম, রেজিস্ট্রার ড. মসলেম উদ্দিনও তাকে দেখতে চলে যান বিজ্ঞান অনুষদের ১৪০ নং কক্ষে।

আবদুল খালেক জানান, ১৯৭০ সালে তিনি এসএসসি পরীক্ষার্থী ছিলেন। দেশের রাজনৈতিক অবস্থা ভাল না থাকায় পরীক্ষা দেওয়া হয়নি। তবে দমে যাননি তিনি। লেখাপড়ায় অদম্য আগ্রহ ও ইচ্ছার জোরে ১৯৭৮ সালে গ্রামের স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়ে দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। এরপর ১৯৮৬ সালে উচ্চ মাধ্যমিক এবং ১৯৯৬ সালে বিএ পাশ করেন।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী আবদুল খালেক এরই মধ্যে ছয় মেয়ের বাবা। এক মেয়ে যশোর এমএম কলেজে সমাজকল্যাণ বিভাগে দ্বিতীয় বর্ষের (সম্মান) ছাত্রী। বাকিরা পড়ছে স্কুল-- কলেজে।

খালেক জানান, এক মেয়েকে মাদ্রাসায় ভর্তি করার সময় মাদ্রাসা শিক্ষার প্রতি তার আগ্রহ জন্মায়। পরে  ২০০৩ সালে স্থানীয় এক দাখিল মাদ্রাসায় নবম শ্রেণীতে ভর্তি হন তিনি। ২০০৪ সালে ‘বি’ গ্রেডে দাখিল পাশ করার পর ভর্তি হন চৌগাছা কামিল মাদ্রাসায়। ২০০৬ সালে ‘বি’ গ্রেডে আলিম পাশ করে এখন তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের অধীন ‘খ’ ইউনিটে ভর্তির জন্য পরীক্ষা দিলেন।  পরীক্ষায় তার ক্রমিক নম্বর -- ৮৭১৪।

খালেক জানান, বেশিরভাগ সময় লেখাপড়াতেই ব্যস্ত থাকেন তিনি। এ ছাড়া লিখেছেন তিনটি বইয়ের পাণ্ডুলিপি ও কয়েকটি নাটক। এখন তাঁর শখ ইংরেজিতে অনার্স পড়ার।

নরম কণ্ঠে আবদুল খালেক বলেন, “ক্লাসে সহপাঠীরা যখন আমাকে দাদা বলে ডাকে তখন খুব ভাল লাগে। মনে হয় আমি ওদেরই একজন। আমি আরও বেশি জ্ঞানার্জন করতে চাই।”

আবদুল খালেককে দেখতে গিয়ে তাকে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার ব্যাপারে উৎসাহ দিয়েছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রুহুল আমিন জানান, “প্রবল ইচ্ছা-- শক্তির বলেই বৃদ্ধ বয়সেও খালেকের পক্ষে ভর্তি পরীক্ষা দেওয়া সম্ভব হয়েছে।”