২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়েটে ভর্তি পরীক্ষা ২২ ফেব্রুয়ারি

দুই দফা পেছানোর পর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2007, 11:22 PM

Updated : 26 Aug 2022, 08:02 PM

নতুন তারিখ অনুযায়ী আগামী ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে নয়টায় চুয়েটের প্রথম বর্ষ ১ম লেবেল বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চুয়েট কর্তৃপক্ষ বুধবার চারটি বিভাগে ৪৩১ টি আসনে ভর্তির জন্য নতুন তারিখ ঘোষণা করে।

ভর্তি পরীক্ষা শেষে ২৮ ফেব্রুয়ারি ফলাফল প্রকাশ করা হবে এবং ২ এপ্রিল থেকে বিএসসি ১ম বর্ষ প্রথম লেবেলের ক্লাশ শুরু হবে বলে রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

ইতিপূর্বে ১৭০ জন ভর্তি পরীক্ষার্থীর দায়ের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট এসব ছাত্র-- ছাত্রীকে ভর্তি পরীক্ষার সুযোগ দেীয়ার আদেশ দিলে চুয়েট কর্তৃপক্ষ ২২ ডিসেম্বর ভর্তি পরীক্ষা স্থগিত করেছিল।

অবরোধের কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহেও ভর্তি পরীক্ষা একবার পেছানো হয়েছিল।

চুয়েট সূত্রে জানা যায়, ভর্তি পরীক্ষার ফরম জমা দেওয়ার সময়সীমা শেষ হলে এই ১৭০ জন শিক্ষার্থী তাদের ফরম জমা দেয়। সেসময় দেশজুড়ে অবরোধ চলায় তারা নির্ধারিত সময়ের কয়েক ঘন্টা পরে ফরম জমা দিতে আসে। কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাদের ফরম জমা নিলেও পরে ভর্তি কমিটির সভায় ফরমগুলো বাতিল হিসেবে ঘোষণা করা হলে প্রবেশ পত্র দেওয়া হয়নি।

পরীক্ষা বঞ্চিত এসব শিক্ষার্থী হাইকোর্টের বিচারপতি হাসমত আলীর বেঞ্চে রিট দায়ের করলে হাইকোর্ট চুয়েট কর্তৃপক্ষকে এসব শিক্ষার্থীকে প্রবেশ পত্র প্রদানের নির্দেশ প্রদান করে।