ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তির জন্য আন্দোলনের বিষয়ে একমত হতে পারেনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। সমিতির রোববারের সাধারণ সভায় কর্মসূচি গ্রহণ করা না করা নিয়ে তুমুল বিতণ্ডা হয়।
তবে ছাত্র-শিক্ষকদের মুক্তির জন্য কর্মসূচির ব্যাপারে মতৈক্য না হলেও সভায় সমিতির কার্যকরী পরিষদের আগামী কমিটির নির্বাচনের তারিখ সর্বসম্মতভাবে ১৫ জানুয়ারি স্থির হয় ।
নীল দলের একজন শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির বিরুদ্ধে শিক্ষকদের মুক্তির বিষয়টি 'পাশ কাটিয়ে' যাওয়ার অভিযোগ করেছেন।
বৈঠকে উপস্থিত ইসলামের ইতিহাস বিভাগের একজন শিক্ষক নাম না প্রকাশের শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তপ্ত বাক্য বিনিময় এক পর্যায়ে প্রায় হাতাহাতির পর্যায়ে যায়।
তবে শিক্ষকরা এ মতানৈক্যকে 'দলীয় বিভক্তি' বলে মানতে রাজি হননি। তারা এটি শিক্ষকদের 'ব্যক্তিগত মতভেদের বহিঃপ্রকাশ' হয়ে থাকতে পারে বলে অভিমত প্রকাশ করেছেন।
রোববার শিক্ষক ক্লাবে সন্ধ্যা প্রায় পৌনে সাতটা থেকে রাত ১০টা পর্যন্ত দীর্ঘ প্রায় সাড়ে তিন ঘন্টা সমিতির সভা চলে। পৌনে ১০টার দিকে শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক তাজমেরী এসএ ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ড. মামুন আহম্মেদ ও কার্যকরী পরিষদের সদস্য ড. মুহাম্মদ শাহজাহান মিয়া আকস্মিকভাবে সভা থেকে বের হয়ে যান। অধ্যাপক তাজমেরী ইসলাম সভা মুলতবি ঘোষণা না করেই বের হয়ে যান বলে সভায় উপস্থিত শিক্ষকরা জানান।
সংবাদ মাধ্যমকে কোনওরকম ব্রিফ না করেই শিক্ষক নেতারা বের হয়ে যেতে থাকলে অপেক্ষমান সাংবাদিকরা শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যাপারে শিক্ষক সমিতির কোন কর্মসূচি আছে কিনা জানতে চান। জবাবে সমিতির ভারপ্রাপ্ত সভাপতি তাজমেরী ইসলাম জানান, সভায় ২০০৮ সালের কার্যকরী পরিষদের নির্বাচন আগামী ১৫ জানুয়ারি অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে।
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "যেহেতু এই কমিটির মেয়াদ ৩১ তারিখেই শেষ তাই ১৫ জানুয়ারি নবনির্বাচিত কার্যকরী পরিষদই শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যাপারে আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে।"
এর আগে ২৪ নভেম্বর কার্যকরী পরিষদের এক সভায় ৩১ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের তারিখ ঘোষণা করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির ইতিহাসে এই প্রথম নির্ধারিত সময়ের পর এর কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
অধ্যাপক তাজমেরী এস ইসলাম জানান, সভায় সর্বসম্মতিক্রমে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইন্সস্টিটিউটের অধ্যাপক বদরুন্নাহারকে নির্বাচন কমিশনার মনোনীত করা হয়েছে।
আন্দোলন কর্মসূচির ব্যাপারে প্রশ্নের পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত সভাপতি আরও বলেন, বিদায়ী কমিটি নতুন কমিটি গঠনের আগে শুধুমাত্র রুটিন দায়িত্ব পালন করে যাবে।
৮ ডিসেম্বরের সাধারণ সভায় অধ্যাপক তাজমেরী ইসলাম কারাবন্দী ছাত্রশিক্ষকের মুক্তির ব্যাপারে বলেছিলেন, শিক্ষক-ছাত্র মুক্তির ব্যাপারে সরকারকে ১৫ দিন সময় দেওয়া হবে। তারপর শিক্ষক সমিতি কঠোর কর্মসূচি গ্রহণ করবে।
নীল দলের কয়েকজন শিক্ষক বলেছেন, রোববারের সভায় শিক্ষকরা কর্মসূচির ব্যাপারে কয়েকটি প্রস্তাব দিলেও কোন কর্মসূচি গ্রহণ করা হয়নি। তবে তাজমেরি ইসলাম বলেন, "নতুন কার্যকরী পরিষদ কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে আন্দোলন কর্মসূচি দেবে। আমরা সর্বসম্মতভাবে কারাবন্দী ছাত্র-শিক্ষকদের মুক্তি চাই। তাই আমাদের দাবি একই থাকছে।"
বৈঠকের পর নীল দলের ১০/১২ জন শিক্ষক মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। অধ্যাপক আআম আরেফীন সিদ্দিক বলেন, " সভায় দুটো এজেন্ডা ছিল। তা হল ২০০৮ সালের কার্যকরী পরিষদের নির্বাচন এবং কারাবন্দি ছাত্র-শিক্ষকদের মুক্তি। আমাদের প্রধান দাবি ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তি।..এটি অত্যন্ত দুঃখজনক যে, এতক্ষণ আলোচনার পরও ভারপ্রাপ্ত সভাপতি তাদের মুক্তির বিষয়টি পাশ কাটিয়ে একটি নিজস্ব বক্তব্য দিয়ে সর্বসম্মত সিদ্ধান্ত প্রত্যাখান করে চলে গেছেন।"
শিক্ষক সমিতির এ ধরণের ইতিহাস নেই- মন্তব্য করে অধ্যাপক আরেফীন সিদ্দিক বলেন, "এবারই প্রথমবার ব্যতিক্রম দেখা গেছে। এটা আমরা আশা করিনি।"
তিনি বলেন, "সভার সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী ১৫ জানুয়ারি নির্বাচন হবে। তবে আমাদের প্রধান দাবি ছিল ছাত্র-শিক্ষকদের মুক্তি। এই সভার প্রধান দাবি ছিল ৮ জানুয়ারি ক্যাম্পাস খোলার আগে ছাত্র-শিক্ষকদের মুক্তি।"
নীল দলের শিক্ষকদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক আখতারুজ্জামান, অধ্যাপক মেজবাহ কামাল, অধ্যাপক জিনাত হুদা, অধ্যাপক অহিদুজ্জামান, অধ্যাপক মুহাম্মদ সামাদ, কেএম সাইফুল্লাহ ।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, "প্রায় ১২-১৫ জন শিক্ষক সভায় বক্তব্য দিয়েছেন এবং ছাত্র-শিক্ষকদের মুক্তির ব্যাপারে বিভিন্ন ধরণের প্রস্তাব রেখেছেন। সাধারণত এই প্রস্তাবগুলোর মধ্যে থেকেই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাবের মধ্যে ছিল ৭ জানুয়ারির মধ্যে ছাত্র-শিক্ষকদের নিঃশর্ত মুক্তি না দিলে ৮ জানুয়ারি কালোব্যাজ ধারণ, ৯ জানুয়ারি অপরাজেয় বাংলায় অবস্থান ধর্মঘট এবং এরপরও মুক্তি না হলে ১০ জানুয়ারি সাধারণ সভা আহ্বান করে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা।
২০০৭-৮ সেশনের ভর্তি কার্যক্রম স্থগিত করা, স্বেচ্ছায় কারাবরণ প্রভৃতি প্রস্তাবও সভায় ওঠে।
অধ্যাপক মেজবাহ কামাল বলেন, "প্রয়োজনে শিক্ষকরা জরুরি তলবি সভাও ডাকতে পারেন।"
ছাত্র-শিক্ষক মুক্তির ব্যাপারে একমত হয়ে কর্মসূচি গ্রহণ করতে ব্যর্থ হওয়া 'দলীয় বিভক্তি'-র ইঙ্গিত কিনা -এ প্রশ্নের জবাবে আখতারুজ্জামান বলেন, "এটা আসলে দলীয় বিভক্তি না। শিক্ষক সমিতির নেতৃত্বের কো-অপারেশনে ঘাটতি দেখা দিয়েছে। আমরা একে দলীয় বিভক্তি বলতে চাই না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এএনএস/এসকে/০১০৬ঘ.
bdnews24