২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ ডিসেম্বর রাত ৮টা থেকেই জোর নিরাপত্তা থাকবে রাজধানীতে

ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীতে ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকেই নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 09:10 PM

ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে রাজধানীতে ৩১ ডিসেম্বর রাত ৮টা থেকেই নিরাপত্তা জোরদার করা হবে। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার পাশাপাশি কয়েকটি এলাকায় যানবাহন চলাচলের ক্ষেত্রে সাময়িক নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা নেওয়া হবে। ঢাকার বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরেও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। র‌্যাব, পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ সবমিলিয়ে ১০ হাজারের বেশি নিরাপত্তাকর্মী দায়িত্ব পালন করবেন 'থার্টি ফার্স্ট নাইট' হিসেবে পরিচিত হয়ে ওঠা ৩১ ডিসেম্বর দিবাগত রাতে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার নাইম আহম্মেদ রোববার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "থার্টিফার্স্ট নাইটে ঢাকা মহানগর পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের সমন্বয়ে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ ও র‌্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শতাধিক চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাবে।" নাইম আহম্মেদ বলেন, "আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, গুলশান, উত্তরা এবং বনানী এলাকাকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। তবে রাজধানীর অন্যান্য এলাকার জন্যও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ওই রাতে রাজধানীর বিভিন্ন স্থানে দু'হাজার ৭৩৮ জন পোশাকধারী পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি আট প্লাটুন নারী পুলিশও দায়িত্ব পালন করবে। সাদা পোশাকেও পুলিশ, র‌্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মোতায়েন থাকবে।" রাজধানীর বিভিন্ন গেস্টহাউজ, বার ও ক্লাবে বর্ষবরণের রাতে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে ডিএমপি কমিশনার বলেন, "গুলশান ও বনানী এলাকায় অনেক গেস্টহাউজ ও ক্লাব থার্টিফার্স্ট নাইটে অনুষ্ঠান করার অনুমতি নিয়েছে। তবে এ অনুষ্ঠানের নামে কোনো ধরনের বিশৃংঙ্খলা মেনে নেওয়া হবে না। দেশে এখন জরুরি অবস্থা রয়েছে। তাদের অনুষ্ঠানের মাধ্যমে যেন জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ না হয় তা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে।" নাইম আহম্মেদ জানান, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি রাত ৮টা থেকে ভোর ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন সড়কে যানচলাচলে নিয়ন্ত্রণ করা হবে। এ সময় গুলশান, বনানী ও বারিধারা এলাকায় গাড়ি নিয়ে প্রবেশের জন্য শুধু কাকলী ক্রসিং, ফিনিক্স ক্রসিং ও নতুন বাজার ক্রসিং ব্যবহার করা যাবে। এছাড়া পলাশী, বকশিবাজার, চাঁনখারপুল, নিমতলী ও সরকারি কর্মচারী হাসপাতাল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় কোনো যানবাহন যেতে পারবে না। তবে শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ও পুরনো হাইকোর্ট ক্রসিং খোলা থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসকারীদের যানবাহনের ক্ষেত্রে অবশ্য এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। এইসব এলাকা থেকে বাইরে যাওয়ার সময় যে কোনো পথ ব্যবহার করা যাবে জানিয়ে তিনি বলেন, "ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স বা অন্যান্য জরুরি গাড়ি নিষেধাজ্ঞার আওতায় পড়বে না।" অন্যদিকে, র‌্যাব মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার রোববার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "নর্ববর্ষ উদযাপনের সময় বিশৃঙ্খলা রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবে। এজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে।" র‌্যাব মহাপরিচালক জানান, ৩১ ডিসেম্বর রাতে ঢাকা মহানগরীতে র‌্যাবের প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েন থাকবে। রাজধানীর বাইরে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানেও থাকবে সমানসংখ্যক সদস্য। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এসএনডি/এসকে/২২৩৭ঘ.