২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরেকটি মামলায় ঢাবির ১৯ ছাত্র-শিক্ষক অভিযুক্ত

২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিসংতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা আরো একটি মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার মুখ্য মহানগর ও দ্রুত বিচার আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী নিজেই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2007, 07:49 AM

Updated : 26 Aug 2022, 09:05 PM

ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সহিসংতার ঘটনায় শাহবাগ থানায় দায়ের করা আরো একটি মামলায় ওই বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর ধার্য করা হয়েছে এ মামলার সাক্ষ্য গ্রহণের দিন। বুধবার দুপুর সাড়ে ১২টায় ঢাকার মুখ্য মহানগর ও দ্রুত বিচার আদালতের হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী নিজেই আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনান। অভিযোগ শুনে কাঠগড়ায় দাঁড়ানো অধ্যাপক ড. আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, সদরুল আমিন, নিম চন্দ্র ভৌমিক ও একমাত্র ছাত্র মনিরুজ্জামান সর্দার রুবেল এ সময় নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচার চান। এ মামলার বাকি ১৪ আসামি এখনো পলাতক রয়েছেন। এর আগে জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার অপর একটি মামলায় ওই চার শিক্ষক ও ১৫ ছাত্রের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছিল। মামলাটির সাক্ষ্য নেওয়ার দিন ধার্য করা হয় আগামী ১৭ ডিসেম্বর। দুপুরে অনুষ্ঠিত শুনানিতে আদালতে হাজির করা পাঁচ অভিযুক্তদের পক্ষে তাদের আইনজীবীরা অব্যাহতি চেয়ে আবেদন জানালে শুনানি শেষে আদালত সেগুলো নামঞ্জুর করে দেন। শুনানির শেষ পর্যায়ে আদালতের অনুমতি নিয়ে কার্নেল ছোট ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. আনোয়ার হোসেন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, "কর্নেল আবু তাহেরকে গোপন বিচারের মাধ্যমে মাত্র ৭২ ঘণ্টার মধ্যে ফাঁসি দেওয়া হয়। ওই বিচারটি ছিল বিচারের নামে প্রহসন। কিন্তু এখন বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে আলাদা হয়েছে এবং বিচারকাজও করা হচ্ছে প্রকাশ্যে। তবে সব বিচারই ন্যায় বিচার নয়; সব আইনই জনস্বার্থে প্রণীত নয়। আমি এবং আমরা শপথ নিয়ে বলতে পারি- আমাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার একবিন্দুও সত্যি নয়।" তিনি আরো বলেন, "আমরা আমাদের একাডেমিক দায়িত্বের পাশাপাশি অতীত ইতিহাস থেকে এ পর্যন্ত বাংলাদেশের সবগুলো গণআন্দোলন এবং গণ অভ্যুত্থানে ছাত্রদের পাশাপাশি দাঁড়িয়েছি। যেখানেই ছাত্রদের বিপন্ন হতে দেখেছি সেখানেই তাদের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দিয়েছি। তাদেরকে সাহস দিয়েছি, সান্ত্বনা দিয়েছি, প্রেরণা দিয়েছি। এ মামলার অভিযোগে বর্ণিত উষ্কানি আমরা দেইনি। ২১ আগস্টে শিক্ষক সমিতির জরুরি সাধারণ সভায় আমরা ৪০০ শিক্ষক স্বাক্ষর করেছিলাম।" আনোয়ার হোসেন জীবনানন্দের অদ্ভুত আঁধার কবিতার 'যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা; যাদের হৃদয়ে কোনো প্রেম নেই- প্রীতি নেই- করুণার আলোড়ন নেই/ পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজো মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয়/ মহৎ সত্য বা রীতি, কিংবা শিল্প অথবা সাধনা/ শকুন ও শেয়ালের খাদ্য আজ তাদের হৃদয়' পঙক্তিগুলো আবৃত্তি করে আদালতকে শোনান। পরে তাদের পক্ষের আইনজীবীরা বলেন, কোনো সাক্ষীই মামলার তদন্ত কর্মকর্তার কাছে- অভিযুক্তরা ওইসব ঘটনায় ছিল সেকথা বলেনি। শিক্ষকরা শুধু অভিভাবক হিসেবে সামাজিক দায়িত্ব পালন করতে গিয়েছিলেন; উস্কানি বা রাজনীতি করার জন্য নয়। আইন উপদেষ্টা কয়েকদিন আগে শিক্ষকদের মুক্তির ব্যাপারে যে সিদ্ধান্তের কথা বলেছিলেন তার দিন পার হয়ে যাওয়ার পরও শিক্ষকদের এখনো বিচারের সম্মুখীন হতে হচ্ছে। আসামিপক্ষের একজন আইনজীবী প্রসিকিউশনকে চ্যালেঞ্জ করে বলেন, মামলায় বর্ণিত ঘটনা ঘটার ৩৪ ঘণ্টা পর এ মামলা করা হয়েছে। যা আইনের চোখে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মামলাটিতে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো প্রকার প্রাথমিক সত্যতা নেই। মামলায় আসামিদের পক্ষে শুনানিতে অংশ নেন, সৈয়দ রেজাউর রহমান, মাসুদ আহম্মেদ তালুকদার, আব্দুল মান্নান খান, শফিউল বশর ভাণ্ডারী প্রমুখ। মামলাটিতে অভিযুক্তরা ২১ আগস্টে জরুরি বিধিমালা ভেঙ্গে মিছিল, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকায় সমাবেশ, উস্কানিমূলক বক্তব্য, সরকারি কাজে বাধা দান ও অগ্নি সংযোগের সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। ২৩ আগস্ট শাহবাগ থানার উপপরিদর্শক রেজাউল করিম খান বাদি হয়ে মামলাটি দায়ের করেন। শুনানি শেষে আদালতের অনুমতি নিয়ে অভিযুক্তদের স্ত্রী, পুত্র এবং অন্যান্য আত্মীয়-স্বজন তাদের সঙ্গে কথা বলেন। এ সময় কারাগারে অন্তরীণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্র মনিরুজ্জামান সর্দার রুবেলের বাবা জলিল সর্দার ও মা তাহমিনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন। এদিকে, অধ্যাপক ড. আনোয়ার হোসেনের ছেলে সাঞ্জিব হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, তারা সরকারের কাছে ক্ষমা চেয়ে কোনো আবেদন করবে না। এ ছাড়া আদালতে তারা জামিনেরও আবেদন জানাবে না বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি আ আ ম স আরেফীন সিদ্দিক বিডিনিউজ টুয়েন্টিফোর বলেন, "একদিকে সরকারের সঙ্গে অভিযুক্তদের মুক্তির ব্যাপারে আলোচনা হচ্ছে, অন্যদিকে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হচ্ছে- এ বিষয়টি আমার কাছে বোধগম্য নয়।" তিনি আরো বলেন, "সরকারের এখতিয়ার আছে যেকোনো সময় তাদের মুক্তি দেওয়ার। আমরা সরকারকে শিক্ষক ও ছাত্রদের মুক্তির ব্যাপারে দু'সপ্তাহ সময় দিয়েছিলাম, সরকারও আমাদের আশ্বাস দিয়েছিলেন। শিক্ষাঙ্গন ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক ও ছাত্রদের মুক্তির কোনো বিকল্প নেই।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/জেএফ/এএল/এমএ/১৩৪০ঘ.