ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--আগস্টের ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তি, শিক্ষাঙ্গনে মুক্ত চিন্তার পরিবেশ রক্ষার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষকরা অপরাজেয় বাংলার সামনে মৌন অবস্থান কর্মসূচি পালন করেছেন।
বৃহস্পতিবার সকাল সাড়ে এগারটা থেকে বারটা পর্যন্ত প্রায় ৪০ জন শিক্ষক "অবিলম্বে সকল ছাত্র শিক্ষকের মুক্তি চাই", "ন্যায়নীতি ও বিবেকের অধিকার সমুন্নত রাখ", "শিক্ষাঙ্গন সচল রাখ" সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অপরাজেয় বাংলার সামনে অবস্থান করেন।
শিক্ষকদের মধ্যে ছিলেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, একে মনোওয়ার উদ্দিন আহমদ, আকমল হোসেন, এমএম আকাশ, সিআর আবরার, ড. গীতি আরা নাসরিন, নিয়াজ জামান, আয়শা বানু, অমিত রঞ্জন মজুমদার, এএইচএস আরেফিন, শামীম রেজা, কাবেরী গায়েন, নুরুর রহমান, মুহম্মদ আখতারুজ্জামান, মুহম্মদ সামাদ প্রমুখ।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত্বশাসনের পর শিক্ষকদের নিয়ে এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত ও দু:খজনক। আমরা শিক্ষকদের শাস্তি আশা করিনি। আশা করি উচ্চতর আদালতে গিয়ে এ ঘটনার সুরাহা হবে।"
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, শিক্ষকরা নিজেদের বিবেকের এবং নৈতিক অবস্থানে থেকে শিক্ষর্থীদের পাশে দাঁড়িয়েছে। তারা কোনো অন্যায় করেনি তবে তারা কেন মুচলেকা দেবে?
অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেন, ছাত্র-শিক্ষকের মুক্তির দাবিতে সক্রিয় হবার সময় এসেছে এখন।
অধ্যাপক ড. গীতিআরা নাসরিন বলেন, "জাতির বিবেক হিসেবে আমরা অন্যায়ের প্রতিবাদ করবো এটা স্বাভাবিক।"
তিনি বলেন,"অন্যায়ের প্রতিবাদ করে যদি শিক্ষকরা শাস্তি পান, তাহলে আমি মনে করিনা যে, বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তার জায়গা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয় গুলোই সব সময় মুক্ত চিন্তার ধারক ও বাহক, তাই বিশ্ববিদ্যালয়ে মুক্ত চিন্তা চর্চার পরিবেশ ও বিবেকের স্বাধীনতা চাই।"
অধ্যাপক এমএম আকাশ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকল ছাত্র-শিক্ষকের মুক্তির দাবি নিয়েই শিক্ষকদের নৈতিক অবস্থান থেকে আমরা এ কর্মসূচি পালন করছি। ন্যায়নীতি ও বিবেকের অধিকার সমুন্নত এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ সচল রাখার জন্যই আমরা আটককৃত ছাত্র-শিক্ষকের মুক্তি দাবি করছি।"
শুক্রবার সন্ধ্যা ছয়টায় শিক্ষক সমিতির একটি জরুরি সাধারণ সভা রয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, ওই সভার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই একটি সম্মিলিত পদক্ষেপ নেয়া যাবে হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জিএনএ/১৫০০ ঘ.
bdnews24