ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত আগস্টে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে উপাচার্য অধ্যাপক এস এম এ ফায়েজ বলেছেন, ক্যাম্পাসের বাইরের কোনো ঘটনায় আটককৃতদের ব্যাপারে তার কিছু করার নেই।
উপাচার্য মঙ্গলবার প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমদ ও সেনাপ্রধান মঈন উ আহমেদের সঙ্গে আটককৃত ছাত্র ও শিক্ষকদের মুক্তির ব্যাপারে কথা বলার জন্য দেখা করেন। ক্যাম্পাসে ফিরে উপাচার্য আটক শিক্ষক ও শিক্ষার্থীদের মুক্তির বিষয়ে আশাবাদ প্রকাশ করেন।
তিনি বলেন, "আশা করি তারা খুব শিগগিরই ক্যাম্পাসে ফিরে আসবেন। আমি এ ব্যাপারে আশাবাদী।"
ক্যাম্পাসের বাইরে শাহবাগের ঘটনায় আটক ছাত্রদের বিরুদ্ধে এখনও কোন অভিযোগপত্র দেওয়া হয়নি বলে আটক ছাত্রদের মুক্তির জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সরকারের কাছে কোনো সুপারিশ করেছে কিনা- এমন প্রশ্নের সরাসরি কোনো জবাব না দিয়ে উপাচার্য বলেন, "এটা আইনের বিষয়। তবে ক্যাম্পাসের বাইরের কোনো ঘটনায় আটককৃতদের ব্যাপারে আমার কিছু করার সুযোগ নেই। সে যেই হোক না কেন।"
শিক্ষকদের পাশাপাশি ছাত্ররা মুক্তি না পেলে ক্যাম্পাস পরিস্থিতি অস্থিতিশীল হতে পারে কিনা- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "ক্যাম্পাসে ছাত্র-শিক্ষকরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমার কোনো আশঙ্কা হচ্ছে না।"
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শাস্তির ব্যাপারে তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ব্যাপারে সরকারের যে দৃষ্টিভঙ্গি সেটি অন্যদের ক্ষেত্রেও থাকবে বলে আমি আশা করি।"
প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের সঙ্গে শিক্ষার্থীদের আবাসন, খাবার সমস্যা এবং শিক্ষকদের জন্য বৃত্তি ও আবাসন ব্যবস্থা নিয়েও কথা হয়েছে বলে জানান উপাচার্য।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এসকে/২১৪৭ঘ.
bdnews24