ঢাকা, ০২ ডিসেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সংঘটিত সহিংস ঘটনার মামলায় সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষক ও ১৫ শিক্ষার্থীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে। ঢাকার ২ নম্বর অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সুলতান মাহমুদ এই শুনানি গ্রহণ করবেন।
জরুরি বিধিমালায় দায়ের করা ওই মামলার অভিযোগপত্রভূক্ত ১৯ আসামির মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আনোয়ার হোসেন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডীন অধ্যাপক হারুন অর রশিদ, অধ্যাপক ড. সদরুল আমিন ও অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক এবং বিশ্ববিদ্যালয় ছাত্র মনিরুজ্জামান রুবেল বর্তমানে কারাগারে রয়েছেন। বাকী ১৪ শিক্ষার্থী 'পলাতক' রয়েছেন।
সোমবার কারাগার থেকে ৫ অভিযুক্তকে আদালতে হাজির করা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহিংস ঘটনায় গত ২৩ আগস্ট শাহবাগ থানায় দায়ের হওয়া পৃথক দুই মামলায় অধ্যাপক আনোয়ার হোসেন ও অধ্যাপক হারুন-অর রশিদকে ২৫ আগস্ট গ্রেপ্তার করে কয়েক দফা রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়।
পরে ড. সদরুল আমিন ও ড. নিমচন্দ্র ভৌমিক আদালতে আত্মসমর্পণ করলে তাদেরকেও কারাগারে পাঠানো হয়। ৯ সেপ্টেম্বর এই মামলায় অভিযোগপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৫৮ঘ.
bdnews24