২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় আটক শিক্ষার্থী বিজয় কুমারের জামিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্র বিজয় কুমার দাশকে মঙ্গলবার জামিন দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 02:43 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২২ আগস্ট ছাত্র বিক্ষোভের ঘটনায় গ্রেপ্তার হওয়া ছাত্র বিজয় কুমার দাশকে মঙ্গলবার জামিন দিয়েছেন আদালত। চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মজনুল আহসান তার জামিনের আদেশ দেন। তবে আদেশের নথি কারাগারে না পৌঁছানোয় মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পাননি। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ সারওয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার জেলা ও দায়রা জজ আদালতে মামলার প্রথম শুনানির সময়ই জামিনের আবেদন মঞ্জুর হয়। এর আগে নিম্ন আদালতে বেশ কয়েকবার জামিনের আবেদন নামঞ্জুর হয়েছিল। চবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় গত ২ সেপ্টেম্বর চট্টগ্রাম শহরের মাদারবাড়ি এলাকার একটি মেস থেকে রাজনীতি বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র বিজয় কুমার দাশকে হাটহাজারী থানা পুলিশ গ্রেপ্তার করে। বিজয় সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কর্মী। ওই ঘটনায় হাটহাজারী থানায় দায়ের হওয়া মামলায় গত ২২ অক্টোবর বিজয় কুমারসহ দশজনকে অভিযুক্ত করে চট্টগ্রাম আমলি আদালত (২) -এ তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক ওয়াহিদুজ্জামান অভিযোগপত্র দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/ডিডি/এসএনডি/২০৪১ ঘ.