২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ক্যাম্পাসে শতাধিক শিক্ষার্থীর মিছিল সমাবেশ

জরুরি অবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্স ও ভর্তি ফি কমানোর দাবিতে মিছিল করেছে একদল ছাত্রছাত্রী। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় শতাধিক ছাত্রছাত্রী বুধবার সকালে ২০০৬-০৭ বর্ষের প্রথম সেমিস্টারের কোর্স ও ভর্তি ফি কমানোর দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। এরপর তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান সমাবেশ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:55 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--জরুরি অবস্থার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোর্স ও ভর্তি ফি কমানোর দাবিতে মিছিল করেছে একদল ছাত্রছাত্রী। কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের প্রায় শতাধিক ছাত্রছাত্রী বুধবার সকালে ২০০৬-০৭ বর্ষের প্রথম সেমিস্টারের কোর্স ও ভর্তি ফি কমানোর দাবিতে ক্যাম্পাসে মিছিল-সমাবেশ করে। এরপর তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান সমাবেশ করে। শিক্ষার্থীদের কয়েকজন উপাচার্য এস এম ফায়েজের সঙ্গে সাক্ষাৎ করলে তিনি শিক্ষার্থীদের আপাতত টাকা না দিয়ে ফরম জমা দিতে বলেন। উপাচার্য বলেন, "প্রয়োজনে ফরম পূরণের সময়সীমা বাড়ানো হবে। বৃহস্পতিবার ডিন কমিটির সভায় বিভাগের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেয়া হবে ফি কমানো হবে কিনা।" বৃহস্পতিবারই প্রথম বর্ষের শিক্ষার্থীদের ফরম জমা দেয়ার শেষ দিন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের একজন ছাত্র বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানায়, এর আগে প্রথম বর্ষে ভর্তির সময় শিক্ষার্থীদের এককালীন ৩০০০ টাকা দিতে হতো। আর বর্ষ ফাইনাল পরীক্ষার সময় ৩৫০ টাকা দিয়ে ফরম পূরণ করতে হতো। ছাত্রটি জানান, কিন্তু এখন প্রতি সেমিস্টারে বার্ষিক পরীক্ষার ফি ১২৫০ টাকা এবং বছরে দুটি সেমিস্টারের জন্য ৪২০০ করে ৮৪০০ টাকা দিতে হয়। সেক্ষেত্রে প্রতিটি কোর্সের জন্য ২৫০ টাকা করে দিতে হয়। শিক্ষার্থীদের দাবি, কোর্স ফি ১০০ টাকা এবং বছরে দুটি সেমিস্টারের জন্য একবার ভর্তির ব্যবস্থা করতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের ছয় মাস করে বছরে দুটি সেমিস্টার পড়তে হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/জিএনএ/১৬৪০ ঘ.