২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির গাড়ি পোড়ানোর মামলার যুক্তিতর্ক বৃহস্পতিবার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলার যুক্তিতর্ক হবে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 10:46 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

রাজশাহী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের সময় সামরিক গোয়েন্দা সংস্থার (ডিজিএফআই) গাড়ি পোড়ানোর মামলার যুক্তিতর্ক হবে বৃহস্পতিবার। বুধবার সাফাই সাক্ষীদের সাক্ষ্য নেয়ার পর রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুহুল আমিন যুক্তিতর্কের এ দিন ধার্য করেন। সাফাই সাক্ষ্য দেন রাবির ভারপ্রাপ্ত নিবন্ধক অধ্যাপক মো. শাফি, বিশ্ববিদ্যালয জনসংযোগ দপ্তরের প্রশাসক আবু বক্কর সিদ্দিক ভূঁইয়া ও ঘটনার দিনের ভিডিও ধারণকারী আব্দুস সালাম। মামলার আসামি রাবির উপ-প্রধান তথ্য কর্মকর্তা সাদেকুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে এ তিন জনের সাফাই সাক্ষ্য নেয়া হয়। অধ্যাপক মো. শাফি ও আবু বক্কর সিদ্দিক আদালতকে জানান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সরকারি নির্দেশে সাদেকুলকে ২২ আগস্ট ক্যাম্পাসে সংঘর্ষের ভাংচুরের ভিডিও ধারণ এবং রাত ৮টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়া সংক্রান্ত মাইকিং করার নির্দেশ দেয়া হয়। সালামকে সঙ্গে নিয়ে সাদেকুল ভিডিও ধারণ করে। এজন্য তাকে প্রত্যয়নপত্রও দেয়া হয়। আব্দুস সালাম আদালতকে জানান, ঘটনার দিন সাদেকুল ইসলামের সঙ্গে তিনি বিভিন্ন ভবন ভংচুর ও অগ্নিসংযোগের ভিডিও ধারণ করেন। সাদেকুল ইসলাম সেদিন কোনো ধংসাত্মক কর্মকাণ্ডে অংশ নেননি বলে জানান তিনি। অন্য দিনগুলোর মতো বুধবারও মামলার আসামি রাবির ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহান সজল ও গোলাম সাব্বির সাত্তার তাপু, সাদেকুল ইসলাম এবং রাবির সাবেক উপাচার্য অধ্যাপক ফাইসুল ইসলাম ফারুকীর গাড়িচালক আতাউর রহমান আতাকে আদালতে হাজির করা হয়। মামলার অপর ১০ আসামি পলাতক রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে ২২ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় ডিজিএফআইয়ের গাড়ি পোড়ানোর অভিযোগে সংস্থাটির সহকারী পরিচালক শওকত আলী ২৩ আগস্ট আসামির নাম উল্লেখ না করে মতিহার থানায় একটি মামলা করেন। ১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা মতিহার থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন দুই শিক্ষকসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অধ্যাপক তাপু ও সজল ১১ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানো হয়। এদিকে ছাত্র বিক্ষোভে উস্কানি দেয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলার যুক্তিতর্ক মঙ্গলবার শেষ হয়েছে। ওই মামলায় রায়ের দিন ধার্য হয়েছে ২৫ নভেম্বর। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৪০ ঘ.