২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্র-শিক্ষকদের মুক্তি বিবেচনার সুপারিশ করে প্রতিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়টি সদয় বিবেচনায় রাখার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (ক্যাম্পাস পুলিশ), ছাত্র-শিক্ষকদের সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত না থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন-কানুন পর্যালোচনা করে রাজনীতির সীমানা নির্ধারণ, কোনো রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ না করে হল ইউনিয়ন, ডাকসু নির্বাচন অনুষ্ঠান, 'কমিশন অব ইনকোয়ারি ১৯৫৬ অ্যাক্ট' সংশোধনের কথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2007, 05:34 PM

Updated : 26 Aug 2022, 08:56 PM

ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়টি সদয় বিবেচনায় রাখার সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন। এ ছাড়া ক্যাম্পাসের নিরাপত্তা রক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনী (ক্যাম্পাস পুলিশ), ছাত্র-শিক্ষকদের সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সংযুক্ত না থেকে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ও আইন-কানুন পর্যালোচনা করে রাজনীতির সীমানা নির্ধারণ, কোনো রাজনৈতিক দলের অঙ্গ-সংগঠন হিসেবে কাজ না করে হল ইউনিয়ন, ডাকসু নির্বাচন অনুষ্ঠান, 'কমিশন অব ইনকোয়ারি ১৯৫৬ অ্যাক্ট' সংশোধনের কথা বলা হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়া প্রতিবেদনে তদন্ত কমিশনের প্রধান বিচারপতি হাবিবুর রহমান এসব সুপারিশ করেছেন। প্রতিবেদনের কিছু অংশ গণমাধ্যমে প্রকাশ করার বিষয়টিও বিবেচনায় রাখতে অনুরোধ করেছেন বলে জানিয়েছেন তিনি। প্রতিবেদন জমা দেওয়ার পর সার্কিট হাউজে কমিশন কার্যালয়ে বিচারপতি হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, "শিক্ষক- শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে আটক ছাত্র-শিক্ষকদের মুক্তির বিষয়টি সদয় বিবেচনায় রাখার সুপারিশ করা হয়েছে।" 'কমিশন অব ইনকোয়ারি ১৯৫৬ অ্যাক্ট' সংশোধনের সুপারিশ প্রসঙ্গে কমিশন প্রধান বলেন, "এ ধরনের তদন্ত কমিশন সবকিছু করতে পারলেও এর বিচারিক কোনো ক্ষমতা নেই। এ ধরনের তদন্ত কমিশনের জন্য একটি স্বাধীন তদন্তকারী ইউনিট একান্ত প্রয়োজন।" তিনি বলেন, "ছাত্র-শিক্ষকদের সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে অংশগ্রহণ থাকতে পারে না।" বিচারপতি হাবিবুর রহমান জানান, ১৯৯০ সাল থেকে ডাকসু ও হল নির্বাচন বন্ধ রয়েছে। এসব নির্বাচন হলে নিজস্ব অধিকার আদায়ে শিক্ষার্থীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ বাড়বে বলে তিনি সুপারিশমালায় লিখেছেন। কমিশন প্রধান আরও বলেন, "এটি (প্রতিবেদন) এখন সরকারি বিষয়। তাই এ সম্পর্কে বেশি কিছু বলা যাবে না।" তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে সংগঠিত ঘটনাটিকে তিনটি অংশে চিহ্নিত করে প্রতিবেদন জমা দিয়েছেন। হাবিবুর রহমান বলেন, "লোক প্রশাসন বিভাগের ছাত্র মেহেদী হাসান ও সেনাসদস্য মোস্তফা কামালের মারামারির ঘটনাটি প্রথমে একটি আকস্মিক ঘটনা ছিল। খেলার মাঠে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সেনাক্যাম্প প্রধানের এ ঘটনা মেটানোর চেষ্টা করার পরও তা মেটেনি।" তিনি বলেন, "ঘটনাটি 'মিটিয়াও মিটিল না। শিক্ষার্থীরা খেলার মাঠ থেকে মিছিল করতে করতে চলে যায়। তার কিছু পরেই শিক্ষার্থীরা জড়ো হয়ে রাতে বিশাল মিছিল করে যা ছিলো স্বতঃস্ফুর্ত ঘটনা। কিন্তু, পরদিন ২১ আগস্ট দুপুরের পর ঘটনাটি ইন্ধনে পরিণত হয়। এতে রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল। কারণ শিক্ষার্থীদের দাবি অনুযায়ী সরকার ক্যাম্পাস থেকে দ্রুত সেনা ক্যাম্প সরিয়ে নেয়।" বিচারপতি হাবিবুর রহমান বলেন, "নানা ধরনের আগ্রহী গ্র"প ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় জড়িয়ে পড়েছে। এদের মধ্যে রাজনৈতিক সংশ্লিষ্টতা ও বঞ্চিত বিক্ষুব্ধ মানুষদের অংশগ্রহণ রয়েছে। আর এ সুযোগ নিয়েছে রাজনীতিবিদেরা। উচ্ছেদ করা হকার, রিকশাওয়ালাসহ বিভিন্ন বঞ্চিত মানুষকে তারা পেছন থেকে এ সংঘর্ষে লিপ্ত হবার জন্য উদ্বুদ্ধ করেছে।" এ বিষয়টিতে ছাত্র-শিক্ষক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জড়িয়ে পড়ায় তা তাড়াতাড়ি সহিংসতায় রূপ নিয়েছিল বলে কমিশন প্রধান জানান। ছাত্র-শিক্ষক রাজনীতিও একে অনেকটা প্রভাবিত করেছে বলে তিনি মন্তব্য করেন। বিচারপতি হাবিবুর রহমান তার প্রতিবেদনে ছাত্র-শিক্ষক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সবার প্রাতিষ্ঠানিক নিয়ম মানার কঠোর অভ্যাস গড়ে তোলার কথা বলেছেন। ছাত্রদের সঙ্গে একাত্মতা পোষণ ও জরুরি অবস্থা ভঙ্গ করে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শহীদ মিনার পর্যন্ত শিক্ষকদের মৌন মিছিল এবং শহীদ মিনারে বক্তব্য দেওয়া কতটুকু গ্রহণযোগ্য সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, "এটি আইনি প্রক্রিয়াধীন তাই যথাযথ কর্তৃপক্ষ এ বিষয়টি দেখবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএআর/এমএসবি/এমএইচবি/২৩২৫ ঘ.