সাভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভের সময় দায়ের করা আরো দুটি মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর অভিযোগে সাভার থানায় দায়ের করা এ দুই মামলার অভিযোগপত্রেই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে।
জাবিতে ছাত্র বিক্ষোভের ঘটনায় আশুলিয়া থানায় দায়ের করা অপর মামলায় গত ১ নভেম্বর অভিযোগপত্র দেয়া হয়।
সাভার থানায় দায়ের করা মামলা দুটির তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক আমিনুল ইসলাম জানান, মীর মোশাররফ হলের দুই ছাত্রের নাম উল্লেখ করে শনিবার ঢাকার বিচার বিভাগীয় মুখ্য হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। ছাত্ররা হলেন, গাজীপুর জেলার হাসিবুল হক ভূঁইয়া সজিব ও টাঙ্গাইল জেলার গোপালপুর থানার চরসিমলা এলাকার সোহেল রানা।
আমিনুল ইসলাম জানান, বিভিন্ন সাক্ষ্য প্রমাণ ও ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের মধ্যে দুই ছাত্রকে সনাক্ত করা হয়েছে। আরো তদন্ত চলছে এবং প্রয়োজনে সম্পূরক অভিযোগপত্র দেয়া হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে গত ২৩ আগস্ট ভোরে বিশ্ববিদ্যালয় ফটকে ঢাকা-আরিচা মহাসড়কে ছাত্রদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ওই সময় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন বিকালেই সাভার থানার উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বাদি হয়ে পুলিশের ওপর হামলা ও গাড়ি পোড়ানোর ঘটনায় আলাদা দুটি মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিএইচ/এমআই/১৮০৩ ঘ.
bdnews24