২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির এক হলের ছাত্রীরা যেতে পারছে না অন্য হলে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্রী হলে অন্য হলের ছাত্রীদের প্রবেশে চলছে অলিখিত নিষেধাজ্ঞা। দীর্ঘ বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলার শুরুতেই আকস্মিক এ নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2007, 12:19 PM

Updated : 26 Aug 2022, 08:53 PM

ঢাকা, নভেম্বর ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো ছাত্রী হলে অন্য হলের ছাত্রীদের প্রবেশে চলছে অলিখিত নিষেধাজ্ঞা। দীর্ঘ বন্ধের পর বিশ্ববিদ্যালয় খোলার শুরুতেই আকস্মিক এ নিষেধাজ্ঞায় ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রীরা। বিশ্ববিদ্যালয় প্রভোস্ট কমিটির দাবি, এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। হল কর্তৃপক্ষ নিজেদের উদ্যোগেই এ ব্যবস্থা চালু করেছে। গত ২৩ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার পর থেকে শামসুন্নাহার হল ও রোকেয়া হলে যেতে পারছে না অন্য হলের ছাত্রীরা। পরিচয়পত্র দেখালেও গেটের দারোয়ানরা কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার কথা জানিয়ে প্রবেশ বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে ছাত্রীরা। এর আগে বাংলাদেশ-কুয়েত মৈত্রী ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে যাওয়ার ক্ষেত্রে এ ধরনের নিষেধাজ্ঞা ছিল। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের আবাসিক ছাত্রী ফাতেমা আলম শাওন এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সোমবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে চলছে দ্বৈতনীতি। পড়াশোনা করতে বান্ধবীর হলে আমরা যেতে পারছি না। অথচ ছেলেদের হলে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা নেই।" ছাত্রী হলগুলোতে প্রবেশে কড়াকড়ি আরোপকে 'কর্তৃপক্ষের বাড়াবাড়ি' মন্তব্য করে শামসুন্নাহার হলের আবাসিক ছাত্রী দিলশাদ হোসাইন বলেন, "মেয়েদের এগিয়ে যাওয়া আটকে রাখার এটি একটি সূক্ষ্ম প্রবণতা। সমাজের রন্ধ্রে রন্ধ্রে এই প্রবণতা রয়েছে। নতুন নিয়মের মধ্যে দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এরই প্রমাণ দিচ্ছে।" বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী আইরিন খান জানান, দুপুরে ক্লাস ফাঁকা থাকার সময়ে তিনি আগে পরিচয়পত্র দেখিয়ে রোকেয়া হলে খেতে পারতেন। কিন্তু এখন পরিচয়পত্র দেখিয়েও কোনো হলে যাওয়া যাচ্ছে না। অবশ্য প্রভোস্ট কমিটির আহ্বায়ক ও সূর্যসেন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, এক হলের ছাত্রীদের অন্য হলে প্রবেশের ক্ষেত্রে তারা কোনো নিষেধাজ্ঞা আরোপ করেননি। তিনি বলেন, "মেয়েদের হলে এ ধরনের নিয়মের বিষয়ে আমি কিছু জানি না। পরবর্তী প্রভোস্ট কমিটির বৈঠকে এ ব্যাপারে আমি আলোচনা করবো।" ছাত্রী হলে প্রবেশে কড়াকড়ির বিষয়ে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাদের হল ছোট। অন্য হলের ছাত্রীরা এসে হলের ডাইনিং, রিডিং রুম ব্যবহার করলে আমাদের হলের ছাত্রীরা সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। এজন্য হল কর্তৃপক্ষ এ ধরনের ব্যবস্থা করেছে।" এ বিষয়ে প্রক্টর অধ্যাপক আকা ফিরোজ আহমেদ বলেন, "মেয়েদের হলগুলোতে এ ধরনের নিয়মের কথা আমি জানি না। তবে, নিয়মটি থাকলে কেন তা করা হয়েছে- তা নিয়ে পরবর্তীতে প্রভোস্ট কমিটির সভায় আলোচনা করা হবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/এসএনডি/এমএ/১৮১৪ ঘ.