২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির ভাংচুর মামলায় আরো এক জনের সাক্ষ্যগ্রহণ

ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো এক জনের সাক্ষ্য নিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2007, 10:41 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

রাজশাহী, অক্টোবর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছয় শিক্ষকের বিরুদ্ধে দায়ের করা মামলায় আরো এক জনের সাক্ষ্য নিয়েছে আদালত। রাজশাহী মহানগর দ্রুত বিচার আদালতে মঙ্গলবার সাক্ষ্য দেন বিশ্ববিদ্যালয়ের ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক মোজাফফর হোসেন। অধ্যাপক মোজাফফর আদালতে জানান, ঘটনার দিন ২২ আগস্ট মামলার আসামি রাবির সাবেক ভিসি ও ফলিত পদার্থ বিজ্ঞান ও ইলেকট্রনিক্স বিভাগের অধ্যাপক সাইদুর রহমান বিভাগের তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষায় দায়িত্ব পালন করেন। তিনি (সাইদুর রহমান) সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভাগেই ছিলেন। সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক ফজলুল করিম আগামী ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে বাদিসহ মামলার ১০ আসামির সাক্ষ্য নেয়া হলো। এর মধ্যে এক সাক্ষীকে বৈরী ঘোষণা করে আদালত। অন্য দিনের মতো মঙ্গলবারও মামলার আসামি অধ্যাপক সাইদুর রহমান খান, আব্দুস সোবহান, মলয় ভৌমিক, সেলিম রেজা নিউটন, দুলাল চন্দ্র বিশ্বাস ও আব্দুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র বিক্ষোভের জের ধরে রাবিতে গত ২২ আগস্ট ছাত্র-পুলিশ ব্যাপক সংঘর্ষ হয়। ওই সময় নিহত হন এক রিকশাচালক। ২৩ আগস্ট নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাইদুর রহমান, আব্দুস সোবহান ও মলয় কুমার ভৌমিককে গ্রেপ্তার করে। ছাত্র বিক্ষোভ ও ভাংচুরে উস্কানি দেয়ার অভিযোগে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আহমেদ ২৬ আগস্ট একটি মামলা করেন। তদন্ত শেষে গত ১ সেপ্টেম্বর ছয় শিক্ষকের নাম উল্লেখ করে মামলার অভিযোগপত্র দেন মতিহার থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন। দুলাল চন্দ্র বিশ্বাস, সেলিম রেজা নিউটন ও আবদুল্লাহ আল মামুন ৫ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠিয়ে দেয়া হয়। ১৭ সেপ্টেম্বর আদালতে শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয় এবং ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য নেওয়া শুরু হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬৩৭ ঘ.