২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি খোলার আগে আটক শিক্ষক ও ছাত্রদের মুক্তি দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার আগে আটক শিক্ষক ও ছাত্রদের মুক্তি দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। উপাচার্য এস এম এ ফায়েজের সঙ্গে সোমবার তারা দেখা করে এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2007, 11:37 AM

Updated : 26 Aug 2022, 08:49 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় খোলার আগে আটক শিক্ষক ও ছাত্রদের মুক্তি দাবি করেছেন আওয়ামী লীগ সমর্থিত নীল দলের শিক্ষকরা। উপাচার্য এস এম এ ফায়েজের সঙ্গে সোমবার তারা দেখা করে এ দাবি জানান। ২৮ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার কথা রয়েছে। উপাচার্যের সঙ্গে দেখা করার পর নীল দলের যুগ্ম আহ্বায়ক ড. মুহাম্মদ সামাদ সাংবাদিকদের বলেন, "আটক শিক্ষক ও ছাত্রদের মুক্তির ব্যাপারে সরকার সহানুভূতিশীল হোক এটাই চাই। আমরা সবাই একমত যে, শিক্ষক-ছাত্র ছাড়া ক্লাশ নেওয়া বেদনাদায়ক।" সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "বিশ্ববিদ্যালয় খোলার আগেই শিক্ষক-ছাত্রদের মুক্তি দেওয়া না হলে অনিশ্চয়তা দূর হবে না। পরিস্থিতি স্থিতিশীল করার জন্য তাদের মুক্তি দেওয়া দরকার।" শিক্ষক-ছাত্রদের মুক্তির বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা করছে বলে জানান উপাচার্য এস এম এ ফায়েজ। তিনি বলেন, "সরকার শিক্ষকদের মুক্তির ব্যাপারে আন্তরিক। তবে কবে মুক্তি দেওয়া হবে সে ব্যাপারে কোনো নিশ্চয়তা পাইনি।" এর আগে রোববার রাতে বিএনপি সমর্থিত সাদা দলের শিক্ষকরাও তার সঙ্গে দেখা করে আটক শিক্ষকদের মুক্তি দাবি করেছেন বলে জানান উপাচার্য। অবশ্য তিনি বলেন, "বিশ্ববিদ্যালয় খোলার সঙ্গে শিক্ষক-ছাত্রদের মুক্তির ব্যাপারটি সম্পর্কিত নয়। স্বাভাবিক প্রক্রিয়াতেই বিশ্ববিদ্যালয় খুলবে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এসএনডি/জিএনএ/১৭২৯ ঘ.