স্কুল-কলেজে এখন সাপ্তাহিক ছুটি বলে কিছু নেই
লাগাতার হরতাল-অবরোধের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এখন আর সাপ্তাহিক ছুটির দিন বলে কিছু নেই। শিক্ষার্থীরা যেন পিছিয়ে না যায়, সেজন্য রাজধানীর অনেক নামীদামী স্কুল-কলেজ নিয়মিত বন্ধের দিনেও খোলা রাখার সিদ্ধান্ত নেওয়ায় ছুটির দিনসহ সরকারি বন্ধের দিনেও এসব স্কুল কলেজে এখন নিয়মিতভাবেই ক্লাস ও পরীক্ষা চলছে।
সরেজমিনে শুক্রবার নগরীর বিভিন্ন স্কুল-কলেজ ঘুরে দেখা গেছে, শিক্ষকরা এসব প্রতিষ্ঠানে পরীক্ষাসহ নিয়মিত ক্লাস নিচ্ছেন। এ ছাড়া ঈদের ছুটির সময় পুষিয়ে নিতে অনেক কলেজ দুই শিফটে চুড়ান্ত নির্বাচনী পরীক্ষা ও প্রাক্ নির্বাচনী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অগ্রণী স্কুল অ্যান্ড কলেজ এর অধ্যক্ষ জসীমউদ্দীন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত ১৫ ডিসেম্বরের মধ্যে আমরা স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করি। কিন্তু এ বছরে রোজার ঈদ ছাড়াও অবরোধের কারণে পরীক্ষা শুরু করতে দেরি হয়ে গিয়েছিলো। বৃহস্পতিবার হরতালের কারণে ফলাফলও প্রকাশ করতে পারিনি।”
তিনি বলেন, “এই হরতালে কলেজ শাখার প্রথম বর্ষের প্রাক নির্বাচনী পরীক্ষা নেওয়া যায়নি, আজকে আমরা সেই পরীক্ষা নিচ্ছি। শনিবার থেকে দুই শিফটে পরীক্ষা নেওয়া হবে।”
ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এর স্কুল শাখার বার্ষিক পরীক্ষার ফলাফল বৃহস্পতিবার হরতালের কারণে প্রকাশ করতে না পারায় শুক্রবার প্রকাশ করা হয়েছে। এ ছাড়া এই প্রতিষ্ঠানের ধানমন্ডি শাখায় ভর্তি পরীক্ষাও নেওয়া হয়েছে একইদিনে।
ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতেই একই অবস্থা। ধানমণ্ডির দি ব্রিটিশ স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কথা ছিল বৃহস্পতিবারেই। কিন্তু হরতালের কারণে সেই পরীক্ষা শেষ হয়েছে শুক্রবার।
স্কুলটির কর্তৃপক্ষ জানান, হরতাল-অবরোধের কারণে এবার প্রথম সেমিস্টারে স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিলেবাস শেষ না হওয়ায় অল্প কিছুসংখ্যক পাঠ্যসূচিতেই পরীক্ষা নিতে হয়েছে। একই কারণে এবার পরীক্ষা শেষে শীতকালীন ছুটিও কমিয়ে আনা হয়েছে সিলেবাসের সঙ্গে সঙ্গতি রাখার জন্য।
স্কুলটির ছাত্রী মাইশা ক্ষোভের সঙ্গে বলে, “রাজনীতির কারণে তাড়াহুড়ো করে সিলেবাস শেষ না করেই আমাদের পরীক্ষা দিতে হয়েছে। এখন ছুটিটাও মাটি হয়ে গেলো। কোথাও বেড়াতে যাওয়ারও উপায় নেই।”
আইডিয়াল স্কুল ও কলেজের অধ্যক্ষ শাহান আরা বেগম জানালেন, নভেম্বরে অবরোধের কারণে স্কুল শাখা পিছিয়ে পড়েছিলো সাতদিন। অনেক কষ্টে দশম শ্রেণীর চুড়ান্ত নির্বাচনী পরীক্ষা শেষ করে বৃহম্পতিবারে হরতালের মধ্যেই ফল প্রকাশ করা হয়েছে।
শাহান আরা বেগম বলেন, “আগের বার অবরোধের কারণে কলেজ শাখা একাডেমিক ক্যালেন্ডারের চেয়ে ১৫ দিন পিছিয়ে পড়েছে। এখন হরতাল বা ছুটির দিন দেখলে ঈদের আগে প্রথম বর্ষের প্রাক নির্বাচনী পরীক্ষা শেষ করা যাবে না। তাছাড়া দ্বিতীয় বর্ষের বিজ্ঞান বিভাগের ব্যবহারিক ক্লাসগুলো নিয়মিত নেওয়া হচ্ছে।”
“বৃহস্পতিবারে হরতালের কারণে প্রথম বর্ষের প্রাক নির্বাচনী ও দ্বিতীয় বর্ষের চূড়ান্ত নির্বাচনী পরীক্ষা শুক্রবার নেওয়া হয়েছে,’ বললেন অন্যান্য প্রতিষ্ঠান থেকে একাডেমিক ক্যালেন্ডারে এগিয়ে থাকা সেন্ট যোসেফ স্কুেলর কলেজ শাখার নামপ্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষক।
মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষা মাসুদা হোসেন জানালেন, বৃহস্পতিবারে হরতালের কারণে শুক্রবারে স্কুলের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও ভর্তি পরীক্ষা নেওয়া হয়েছে।
মতিঝিল মডেল হাই স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিনাত সুলতানা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে নির্দিষ্ট সময়ের আগেই তারা পরীক্ষা নিতে শুরু করেছিলেন। এজন্য স্কুল শাখা সমস্যায় না পড়লেও কলেজ শাখাকে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে।
তিনি জানান, ঈদের আগে কলেজ কর্তৃপক্ষ দ্বিতীয় বর্ষের পরীক্ষা শেষ করার জন্য দুই শিফটে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সিদ্ধেশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের কলেজ শাখায় বৃহস্পতিবারে হরতালের মধ্যেই দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলেছে।
ওই কলেজের ছাত্রী সীমা বলেন, ‘দেশের এই পরিস্থিতিতে পরীক্ষা না দিয়ে বসে থাকলে আগামী তিন মাসেও পরীক্ষা শেষ হবে না। তাই হরতালেও আমরা পরীক্ষা দিচ্ছি।’
